পাকিস্তান ক্রিকেট মানেই পদত্যাগের খেলা। কয়দিন আগেই নির্বাচক মোহাম্মদ ইউসুফ পদত্যাগ করেছিলেন, এবার পালা বাবর আজমের। দ্বিতীয় দফায় নেতৃত্ব পাওয়ার পর ছয় মাসের মধ্যেই তিনি পদত্যাগের ঘোষণা দিলেন। এক বছরের মধ্যে দ্বিতীয়বার জাতীয় দলের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ালেন স্টাইলিশ এই ব্যাটসম্যান।
সোশ্যাল মিডিয়ায় অবসর ঘোষণায় বাবর লিখেছেন, ‘পাকিস্তানের ছেলেদের দলেরর অধিনায়কের দায়িত্ব থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। এই দলকে নেতৃত্ব দিতে পারা অবশ্যই বড় সম্মানের। তবে সময় হয়েছে এখান থেকে সরে দাঁড়ানোর এবং খেলোয়াড় হিসেবে ভূমিকায় মনোযোগ দেওয়ার।’
২৯ বছর বয়সী এই তারকা আরও লিখেছেন, ‘নেতৃত্ব অবশ্যই ফলদায়ক, তবে এতে উল্লেখযোগ্য্ পরিমাণ বাড়তি কাজ করতে হয়। আমি নিজের ব্যাটিংকে প্রাধান্য দিতে চাই, নিজের ব্যাটিং উপভোগ করতে চাই এবং পরিবারের সঙ্গে একান্তে সময় কাটাতে চাই, যেটা আমাকে আনন্দ এনে দেয়। সরে দাঁড়ানোয় সামনের পথচলায় আমার স্বচ্ছতা আসবে এবং নিজের খেলা ও ব্যক্তিগত উন্নতির চেষ্টায় বেশি প্রাণশক্তি পাব।’
উল্লেখ্য, গত বছরের নভেম্বরে ভারতে ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানের ব্যর্থতার পর সব সংস্করণের অধিনায়কত্ব ছেড়ে দেন বাবর। পরে পিসিবিতে পালাবদল হলে তাকে আবারও ফিরিয়ে এনে সাদা বলের দায়িত্ব দেওয়া হয়। এই দফায় ১৪ টি-টোয়েন্টিতে নেতৃত্ব দিয়েই শেষ হলো তার অধ্যায়। এই সময়ে কোনো ওয়ানডে ম্যাচ খেলেনি পাকিস্তান।