ব্রাজিলের স্মৃতি ফিরিয়ে ডর্টমুন্ডের ৭ গোল, জিতল সিটি-আর্সেনাল

ফুটবলে সাত গোল মানেই যেন ব্রাজিলের সেই বিব্রতকর পরাজয়ের স্মৃতি সামনে চলে আসা। ২০১৪ বিশ্বকাপে ঘরের মাঠে জার্মানির কাছে ৭-১ গোলে হেরেছিল ব্রাজিল। এবার চ্যাম্পিয়ন্স লিগে সেল্টিকের বিপক্ষে একই ব্যবধানে জয় তুলে নিয়েছে বরুসিয়া ডর্টমুন্ড।

মঙ্গলবার রাতের ম্যাচে বরুসিয়া ডর্টমুন্ডের কাছে উড়ে গেছে সেল্টিক। এদিন ম্যাচের প্রথার্ধেই ৫ গোল দেয় ডর্টমুন্ড। দলের হয়ে এ সময় হ্যাটট্রিক করেন করিম আদায়েমি। আর বিরতির পর আরও দুই গোল করে জার্মান ক্লাবটি। ফলে শেষ পর্যন্ত বড় জয় নিয়েই মাঠ ছাড়ে তারা।

একই রাতে জয় পেয়েছে দুই ইংলিশ জায়ান্ট আর্সেনাল ও ম্যানচেস্টার সিটি। ফরাসি ক্লাব পিএসজিকে আর্সেনাল হারিয়েছে ২–০ গোলে, আর স্লোভান ব্রাতিসলাভার বিপক্ষে ম্যানচেস্টার সিটি জিতেছে ৪–০ গোলে।

 এমিরেটসে শুরু থেকেই আক্রমণ ও প্রতি–আক্রমণে লড়াই জমে ওঠে। একপর্যায়ে পিএসজিকে হতাশ করে কাই হাভার্টজ গোলে এগিয়ে যায় আর্সেনাল। এই গোলে দারুণ অবদান ছিল লিয়ান্দ্রো ট্রসারের। গোল খেয়ে কয়েকবার আক্রমণেও যায় পিএসজি। কিন্তু সেসব কোনো কাজে আসেনি। বরং ফ্রি–কিক থেকে দারুণ শটে ব্যবধান দ্বিগুণ করেন বুকায়ো সাকা।

এদিকে স্লোভান ব্রাতিসলাভার মাঠে প্রথমার্ধেই ২–০ গোলে এগিয়ে যায় ম্যাঞ্চেস্টার সিটি। ৮ মিনিটে ইলকায় গুন্দোয়ান দলের হয়ে প্রথম গোল করার পর ১৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ফিল ফোডেন। বিরতির পর ৫৮ মিনিটে গোল করেন আর্লিং হলান্ড আর ৭৪ মিনিটে গোল করেন জেসম ম্যাকাতে।