গাজীপুরে ফের শ্রমিকদের মহাসড়ক অবরোধ

চাকরিসহ বিভিন্ন দাবিতে গাজীপুরে পোশাক কারখানার শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে। বুধবার (২ অক্টোবর) সকাল সাড়ে আটটার দিকে গাজীপুর মহানগরীর ভোগরা চৌধুরী বাড়ি এলাকায় একদল শ্রমিক চাকরিসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ করেন। এক পর্যায়ে শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবরোধ সৃষ্টি করে। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। পরে শিল্প পুলিশের সহযোগিতায় শ্রমিকদের বুঝিয়ে সরিয়ে দিলে সকাল সাড়ে নয়টার দিকে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

পোশাক শ্রমিক নাজমুল হোসেন বলেন, চার মাস ধরে চাকরি ছাড়া বেকার অবস্থায় রয়েছি। বিভিন্ন পোশাক কারখানায় চাকরির জন্য গেলে তারা পুরুষ শ্রমিকদের নিয়োগ দিচ্ছে না। অনেক কারখানায় নারী শ্রমিকদেরও ছাঁটাই করে দেওয়া হচ্ছে। আমরা চাকরিচ্যূতদের চাকরিতে পুনর্বহাল এবং পুরুষ শ্রমিকদের চাকরিতে নিয়োগের দাবি জানিয়ে আসছি।

মঙ্গলবার গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ১১ ঘণ্টার অবরোধ করে রাখেন শ্রমিকরা। আজ বুধবার ঠিক একই স্থানে পোশাক কারখানার শ্রমিকরা ফের অবরোধ সৃষ্টি করেছে। বিক্ষুব্ধ শ্রমিকরা ভোগরা চৌধুরী বাড়ি এলাকায় বেশ কিছু কারখানায় গিয়ে ইট পাটকেল নিক্ষেপ করেন। তারা ওইসব কারখানার শ্রমিকদের তাদের সঙ্গে আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানান।

এক পর্যায়ে ভোগরা চৌধুরী বাড়ি এলাকার আশপাশের বেশ কিছু পোশাক কারখানা বুধবারের জন্য ছুটি ঘোষণা করা হয়। কারখানাগুলি হচ্ছে বেলমন্ড, টেকনো ফাইভার লিমিটেড, ইন্টারলিং, ইউরোমিক ট্যাক্স লিমিটেড, রুয়া ফ্যাশন প্রভৃতি।

গাজীপুর শিল্প পুলিশের এসপি সারোয়ার আলম বলেন, চাকরিসহ বিভিন্ন দাবিতে পোশাক কারখানার বেশ কিছু শ্রমিক বিক্ষোভ করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। শিল্প পুলিশ ঘটনাস্থলে গিয়েছে তারা শ্রমিকদের সাথে কথা বলছেন।