তাজউদ্দীন হাসপাতালে ফের লিফট দুর্ঘটনা, রোগীর স্বজনের মৃত্যু

গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে লিফট দুর্ঘটনায় আবারও এক রোগীর স্বজনের মৃত্যুর হয়েছে। মঙ্গলবার (১ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে ১০ তলায় এ ঘটনা ঘটে। নিহত জাহিদুল ইসলামের (৪০) বাড়ি কুমিল্লার দাউদকান্দিতে। তার শিশুসন্তান হাসপাতালে চিকিৎসাধীন ছিল।

হাসপাতালের পরিচালক ডা. আমিনুল ইসলাম জানান, নিহত জাহিদুল ইসলামের মেয়ে হাসপাতালের ১০তলায় ভর্তি। মঙ্গলবার রাতে নীচে নামার জন্য লিফটের বাটন চাপ দেন। এসময় লিফটের দরজা খুললেও কেবিন ১১তলায় আটকা পড়ে। তিনি বিষয়টি বুঝতে না পেরে দরজা খোলার পর ভেতরে ঢুকে নীচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহতের শ্যালক লিমন জানান, এ ঘটনায় দায়িত্ব অবহেলার অভিযোগে মামলা করবেন তারা।

এর আগে গত ১২ মে ১১ তলায় লিফটের ভিতর আটকা পড়ে মারা যান মমতাজ বেগম (৫৩) নামে এক রোগী।