মির্জাপুরে ২১২ মন্ডপে দুর্গোৎসবের প্রস্তুতি চলছে

টাঙ্গাইলের মির্জাপুরে দানবীর রণদা প্রসাদ সাহার নিজ বাড়ির পূজা মন্ডপসহ ২১২ টি পূজা মন্ডপে দুর্গোৎসবের প্রস্তুতি চলছে। প্রতীমা শিল্পীরা এখন ব্যস্ত সময় পার করছেন। প্রতীমা তৈরির কাজ শেষ, এখন রং তুলির আচরে চলছে শেষ সময়ের প্রস্তুতি।

উপজেলা পূজা উদযাপন পরিষদ সূত্র জানায়, মির্জাপুর পৌরসভা ও ১৪ টি ইউনিয়নে ২১২ টি পূজা মন্ডপে চলছে দুর্গোৎসবের প্রস্তুতি। এরমধ্যে মির্জাপুর পৌরসভায় এশিয়াখ্যাত দানবীর রণদা প্রসাদ সাহার নিজ বাড়িসহ ৪৫ টি, ভাতগ্রাম ৩২ টি, জামুর্কী ৩১, বানাইল ১৬, উয়ার্শী ১৫, লতীফপুর ১৫, গোড়াই ১৩, ফতেপুর ৯, মহেড়া ৯, আনাইতারা ৭, বহুরিয়া ৬, তরফপুর ৬, ভাওড়া ৪, আজগানা ৪। বাশতৈল ইউনিয়নে এ বছর কোনো পূজা অনুষ্ঠিত হবে না।

গত বছর এ উপজেলায় ২৪৩ টি পূজা মন্ডপে দুর্গাপুজা অনুষ্ঠিত হয়েছিলো। এ বছর ৩১টি কম হলেও জেলার মধ্যে সর্বোচ্চ সংখ্যক পূজা অনুষ্ঠিত হবে।

আন্দরা শিল্পী সংঘের সাধারণ সম্পাদক উত্তম কুমার সাহা বলেন, মির্জাপুরে জেলার মধ্যে সর্বাধিক সংখ্যক মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগীতার আশ্বাস দেওয়া হয়েছে।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মির্জাপুর উপজেলা শাখার সভাপতি বিকাশ গোস্মামীর সাথে কথা হলে তিনি জানান, দুর্গাপূজার সময় জেলার মধ্যে মির্জাপুর অন্যরকম গুরুত্ব বহন করে। ইতোমধ্যে জেলা ও উপজেলায় প্রশাসন ও পুলিশ বাহিনীর সাথে আমাদের বৈঠক হয়েছে। পূজা চলাকালীন সার্বিক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।

মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মো. মোশারফ হোসেন বলেন, জেলার মধ্যে সর্বাধিক সংখ্যক মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে এই উপজেলায়। তাছাড়া দানবীর রণদা প্রসাদ সাহার নিজ বাড়ির পূজা মন্ডপে দেশি বিদেশী দর্শনার্থীর আগমন ঘটে। সবদিক বিবেচনায় দুর্গাপূজার সময় সর্বাত্মক সহযোগিতা ও নিরাপত্তা দেওয়া হবে।