‘থ্রি ইডিয়টসের’ বাস্তব চরিত্র সোনম ওয়াংচুক আটক, সমর্থকদের সড়ক অবরোধ

লাদাখের পরিবেশ আন্দোলনকারী, শিক্ষাবিদ ও ম্যাগসাইসাই পুরস্কারজয়ী সোনম ওয়াংচুক। তার জীবন নিয়েই তৈরি হয়েছিল আমির খানের জনপ্রিয় সিনেমা ‘থ্রি ইডিয়টস’। পর্দায় তার চরিত্রের নাম ছিল র‌্যাঞ্চোরদাস শ্যামলদাস চ্যাঞ্চোড় ও ফুংসুখ ওয়াংড়ু।

থ্রি ইডিয়টসের’ বাস্তব চরিত্র লাদাখের এই সোনম ওয়াংচুককে আটক করেছে দিল্লি পুলিশ। গত সোমবার রাতে দিল্লির সীমান্তে সোনমসহ প্রায় ১২০ জন লাদাখবাসীকে আটক করা হয়েছে। 

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়, এ ঘটনায় ফুঁসে উঠেছে গোটা লাদাখ। আজ বুধবার সকালে লাদাখের জাতীয় সড়কে নেমে আসেন শত শত মানুষ। তারা বলতে থাকেন, ‘দিল্লি পুলিশ, শেইম শেইম।’

তাদের অবরোধের সড়কে আটকে পরে শত শত যানবাহন। এমনকি বিদেশ থেকে আসা পর্যটকরাও সড়কে আটকে পড়েন দীর্ঘ সময়।

লাদাখের ভঙ্গুর পরিবেশ রক্ষা, পৃথক রাজ্য গঠন ও সংবিধানের ষষ্ঠ তফসিলভুক্ত করার দাবিতে সোনম ওয়াংচুক অনেক দিন ধরেই আন্দোলন করছেন। ষষ্ঠ তফসিলভুক্ত এলাকার স্থানীয় জনগণ জমি ও সংস্কৃতি রক্ষায় নিজেরা আইন প্রণয়ন করতে পারেন। কিছুদিন আগে এই দাবি আদায়ে তিনি অনশনও করেছিলেন। এবার কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে আলোচনার দাবিতে শুরু করেন দিল্লি অভিযান।

গত সোমবার দিল্লি অভিমুখে তাঁরা বিভিন্ন গাড়িতে রওনা হলেও সিংঘু সীমান্তে তাঁদের আটকে দেয় দিল্লি ও হরিয়ানার পুলিশ।

পুলিশের দাবি, এর আগে তাদের সেখান থেকে ফিরে যাওয়ার জন্য অনুরোধ করা হয়েছিল। তবে পুলিশের অনুরোধ না রাখায় সোনমসহ ১২০ জনকে আটক করা হয়।