অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মুখ্যসচিব পদে নিয়োগ পেয়েছেন মো. সিরাজ উদ্দিন মিয়া।
আজ বুধবার রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার সিনিয়র সহকারী সচিব মো. উজ্জল হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন ২০১৮ এর ৪৯ ধারা অনুযায়ী মো. সিরাজ উদ্দিন মিয়াকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠন-এর সঙ্গে কর্ম সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ হতে পরবর্তী দুই বছর মেয়াদে প্রধান উপদেষ্টার মুখ্যসচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।
এতে আরো বলা হয়, এই নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত শর্ত দ্বারা নির্ধারিত হবে। জনস্বার্থে এই আদেশ জারি করা হলো।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে স্নাতকোত্তর সিরাজ উদ্দিন মিয়া ১৯৮২ বিসিএসের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। ২০০৯ সালে যুগ্মসচিব অবস্থায় ওএসডি হন এই কর্মকর্তা। পরে ২০১৬ সালে তিনি অবসরে যান।
পরিচিত মহলে সিরাজ উদ্দিন সাথী নামে পরিচিত এই কর্মকর্তা আমলাতন্ত্র, মুক্তিযুদ্ধ, সমাজ বিবর্তন, ধর্ম চিন্তা, অর্থনীতিসহ বিভিন্ন বিষয়ে ৩২টি বই লিখেছেন। তার প্রথম বই ‘বেলতৈল গ্রামের জরিমন ও অন্যান্য’ সম্পাদনা করেছেন বর্তমান প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।
আমলাতন্ত্র নিয়ে তার বইগুলো হচ্ছে- ‘বাংলাদেশের আমলাতন্ত্র’ ও ‘আমলাতন্ত্রের অন্দরমহলে বত্রিশ বছর’।