আইন কমিশনের চেয়ারম্যান হলেন বিচারপতি জিনাত আরা

আইন কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন আপিল বিভাগের সাবেক বিচারপতি জিনাত আরা। আজ বুধবার তাকে কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।

এতে বলা হয়, ‘আইন কমিশন আইন, ১৯৯৬ (১৯৯৬ সনের ১৯ নং আইন) এর ধারা ৫ এর উপ—ধারা (১) ও (২)—এ প্রদত্ত ক্ষমতাবলে সরকার, সাবেক বিচারপতি জিনাত আরাকে নিয়োগের তারিখ হতে পরবর্তী তিন বছরের জন্য আইন কমিশনের চেয়ারম্যান পদে নিয়োগ করেছে। উক্ত পদে অধিষ্ঠিত থাকাকালীন তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপীল বিভাগের বিচারকের প্রাপ্য  বেতন, ভাতা এবং অন্যান্য সুবিধাদি প্রাপ্ত হবেন।’

২০২০ সালের ১৪ মার্চ বিচারিক কর্মজীবন থেকে অবসরে যান জিনাত আরা। ১৯৫৩ সালের ১৫ মার্চ জন্মগ্রহণ করেন তিনি। ১৯৭৮ সালে তিনি মুন্সেফ (সহকারী জজ) হিসেবে নিয়োগ পেয়ে বিচারিক জীবন শুরু করেন। ১৯৯৫ সালে তিনি জেলা ও দায়রা জজ হিসেবে পদোন্নতিপ্রাপ্ত হন। ২০০৩ সালের ২৭ এপ্রিল তিনি সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পান। এর দুই বছর পর হাইকোর্টে স্থায়ী বিচারক হিসেবে নিয়োগ পান তিনি। ২০১৮ সালের ৮ অক্টোবর আপিল বিভাগের বিচারক হিসেবে নিয়োগ পান বিচারপতি জিনাত আরা।