অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে আবারও আলোচনায় বসবেন। আগামী শনিবার (৫ অক্টোবর) তিনি এ আলোচনা শুরু করবেন।
আজ বুধবার (২ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক বিফ্রিংয়ে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
তিনি জানান, আগামী শনিবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হবে। এতে ৬ সংস্কার কমিশনের কাজের অগ্রগতির ব্যাপারে রাজনৈতিক দলগুলোকে অবগত করা হবে। তাদের কাছ থেকে পরামর্শ নেওয়া হবে। এ ছাড়া আইনশৃঙ্খলার বর্তমান পরিস্থিতি নিয়ে অবগত করা হবে।
তিনি আরও বলেন, আগামী ২-৩ দিনের মধ্যে কমিশনগুলো পূর্ণাঙ্গ হবে আশা করি। প্রধান হিসেবে যাদের নাম ঘোষণা করা হয়েছিল, তারা ইতোমধ্যে কাজ করছেন। যারা কমিশনের সদস্য হবেন, তাদের নামগুলো স্ক্রিনিং হচ্ছে।
কতক্ষণ সংলাপ হবে বা একদিনেই সবার সঙ্গে সংলাপ হবে কিনা- এমন প্রশ্ন করেলে উত্তরে তিনি বলেন, এটি একটি চলমান প্রক্রিয়া আলোচনার দিনই সংলাপের সময় বাড়ানো নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।