রাজধানীর বংশাল আলুবাজার এলাকায় বৃষ্টির সময় রাস্তার পাশের বৈদ্যুতিক খুঁটি থেকে বিদ্যুতায়িত হয়ে ইব্রাহিম (১২) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। সে ওই এলাকায় একটি জুতার কারখানায় কাজ করত।
বুধবার (০২ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় পথচারীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাত পৌনে ১০টার দিকে মৃত ঘোষণা করেন।
পথচারী মো. কাউছার জানান, বৃষ্টির সময় তারা কয়েকজন আলুবাজার এলাকার ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তখন দেখতে পান, রাস্তায় জমে থাকা পানিতে পড়ে আছে কিশোরটি আর বৈদ্যুতিক খুঁটি ধরে আছে। তখন একটি মই দিয়ে ওই কিশোরকে টেনে সেখান থেকে ছাড়িয়ে আনেন। পরে হাসপাতালে নিয়ে যান।
হাসপাতালে মৃত ইব্রাহিমের মামা মনির হোসেন জানান, তাদের বাড়ি কুমিল্লার লাঙ্গলকোর্ট উপজেলায়। আলুবাজার এলাকায় একটি জুতার কারখানায় কাজ করত সে এবং সেখানেই থাকত। তবে সে ঘটনার সময় কোথায় যাচ্ছিল তা জানা যায়নি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।