২৬টি ‘আইফোন ১৬ প্রো ম্যাক্স’ নিয়ে বিমানবন্দরে আটক

নিজের ভ্যানিটি ব্যাগে ২৬টি ‘আইফোন ১৬ প্রো ম্যাক্স’ টিস্যু পেপারে যত্ন করে লুকিয়ে রেখেছিলেন এক নারী। কিন্তু তাতে শেষ রক্ষা হয়নি। সিকিউরিটি চেকিংয়ের সময় ধরা পড়ে গেলেন। বুধবার এ ঘটনা ঘটে ভারতের দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দরে। শুল্ক দফতর ও নিরাপত্তা কর্মীরা হংকং থেকে আসা ওই নারীকে আটক করে জিজ্ঞাসাবাদ করছেন।

ধারণা করা হচ্ছে, ভারতসহ নানা দেশে পাচার করতে আইফোন নিয়ে আসেন অভিযুক্ত। এই ফোনগুলোর বাজার মূল্য ৩৭ লাখ রুপি। তার সঙ্গে এই চোরাকারবারে আর কারা যুক্ত বা তিনি কোনও আন্তর্জাতিক পাচার চক্রের সঙ্গে জড়িত কিনা তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। খবর এই সময়ের।

ফোনের বাজারে এখন সব থেকে বেশি জনপ্রিয় আইফোন ১৬ প্রো ম্যাক্স। সদ্যই বাজারে এসেছে এটি। ওই ফোন কিনতে দেশের নানা শহরে লম্বা লাইন চোখে পড়ছে। বিক্রির হারও ঊর্ধ্বমুখী।