সম্পর্ক এগিয়ে নিতে একসঙ্গে কাজ করার গুরুত্বের বিষয়ে একমত বাংলাদেশ ও ভারত। এ লক্ষ্যে নিয়মিত দ্বিপক্ষীয় প্রক্রিয়াগুলো সচল করা জরুরি। একই সঙ্গে ভারতীয় হাইকমিশনে বাংলাদেশের নাগরিকদের জন্য ভিসা প্রক্রিয়া পুনরায় নিয়মিত করার বিষয়ে গুরুত্ব নিয়ে আলোচনা হয়।
গতকাল বুধবার অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মার মধ্যে আলোচনায় এসব বিষয় গুরুত্ব পেয়েছে।
গতকাল সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ভারতীয় হাইকমিশনার সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ সময় বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা হয় এবং সম্পর্কের উন্নয়নে দুই দেশের একসঙ্গে কাজ করা প্রয়োজন বলে জোর দেওয়া হয়।