লেবাননে বাংলাদেশ দূতাবাসে কনস্যুলার সেবা বন্ধ

লেবাননে নিরাপত্তাজনিত কারণে পরবর্তী নোটিস না দেওয়া পর্যন্ত কনস্যুলার ও কল্যাণসেবা দিতে পারবে না বৈরুতে বাংলাদেশ দূতাবাস। গতকাল বুধবার লেবাননের রাজধানী বৈরুতের বাংলাদেশ দূতাবাস এক জরুরি বার্তায় এ তথ্য জানিয়েছে। দূতাবাসের বার্তায় বলা হয়েছে, লেবাননে উদ্ভূত পরিস্থিতিতে নিরাপত্তাজনিত কারণে নোটিস না দেওয়া পর্যন্ত বৈরুতের বাংলাদেশ দূতাবাস (কনস্যুলার ও কল্যাণ) সেবা প্রদান করা সম্ভব হচ্ছে না।

জরুরি প্রয়োজনে দূতাবাসের ফ্রন্ট ডেস্ক- ৭১২১৭১৩৯, হটলাইন নম্বর- ৭০৬৩৫২৭৮ এবং হেল্পলাইন নম্বর- ৮১৭৪৪২০৭-এ যোগাযোগ করে সেবা গ্রহণ করা যাবে।

উল্লেখ্য, গত কয়েকদিন ধরে লেবাননে হামলা জোরদার করে ইসরায়েল। রাজধানীর বৈরুতে হিজবুল্লাহর ঘাঁটিতে বোমা হামলা চালিয়ে সংগঠনটির শীর্ষ নেতা হাসান নাসরাল্লাহকে হত্যা করে ইসরায়েল। এছাড়া  হিজবুল্লাহর আরও বেশ কয়েকজন শীর্ষ নেতা নিহত হয়েছেন বলেও জানা গেছে। এ ঘটনার পর ইসরায়েলেও হামলা চালিয়েছে হিজবুল্লাহ।