লেবাননে হিজবুল্লাহর সাথে তীব্র লড়াই, ৮ ইসরায়েলি সেনা নিহত

গত সোমবার রাত থেকে দক্ষিন লেবাননে সীমান্তবর্তী এলাকাগুলোতে স্থল অভিযান শুরু করেছে ইসরায়েলি সেনাবাহিনী। তবে ইসরায়েলের স্থল আগ্রাসন মোকাবিলায় প্রস্তুত বলে জানিয়েছিল লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ।

এরই প্রেক্ষিতে দক্ষিণ লেবাননে স্থল অভিযানে হিজবুল্লাহর তীব্র প্রতিরোধের মুখে পড়েছে ইসরায়েলি বাহিনী। দেশটির সামরিক বাহিনী জানিয়েছে যে, তাদের আট সৈন্য দক্ষিণ লেবাননে স্থল যুদ্ধে নিহত হয়েছে।

বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, মধ্যপ্রাচ্যের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে স্থল আক্রমণ শুরুর পর ইসরায়েলি সেনাদের এটাই প্রথম মৃত্যু।

লেবাননে স্থল আক্রমণের দ্বিতীয় দিনেই, ইসরায়েলি সেনারা হিজবুল্লাহ যোদ্ধাদের প্রতিরোধের মুখে পরে এবং দুই পক্ষের তীব্র লড়াই হয় বলে জানিয়েছিল দেশটি।

ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বুধবার এক বিবৃতিতে জানায় যে, ইসরায়েলি সেনাবাহিনী বিমান হামলায় দক্ষিণ লেবাননের বেশ কয়েকটি এলাকায় হিজবুল্লাহ নির্মূল করেছে এবং তাদের অবকাঠামো ধ্বংস করেছে।

পরে বিবৃতিতে আইডিএফ ঘোষণা করে যে অভিযানে আট সেনা নিহত হয়েছে। নিহতদের বেশিরভাগই ছিলেন এলিট ইগোজ এবং গোলানী রিকনেসান্স ইউনিটের কমান্ডো। ছয়জন সেনা হিজবুল্লাহ যোদ্ধাদের অতর্কিত হামলায় নিহত হয়েছেন এবং মর্টার গুলিতে আরও দুজন সেনার মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

অন্যদিকে হিজবুল্লাহ জানিয়েছে যে, তাদের কয়েক ডজন যোদ্ধা বুধবার ভোরে একটি সীমান্ত গ্রামে সংঘর্ষের সময় ইসরায়েলি কমান্ডোদের লক্ষ্য করে অ্যান্টি ট্যাংক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, এতে ইসরায়েলের কয়েক ডজন সেনা নিহত ও আহত হয়েছে।

তারা আরও দাবি করেছে যে কাফর কিলার উপকণ্ঠে অন্য ইসরায়েলি সৈন্যদের ওপর গুলিবর্ষণ এবং বোমা হামলা চালানো হয়েছিল। এছাড়া মারুন আল-রাসের কাছে ক্ষেপণাস্ত্র দ্বারা তিনটি ইসরায়েলি মেরকাভা ট্যাংক ধ্বংস করা হয়েছিল।

নিহত আট ইসরায়েলি সেনার প্রতি শ্রদ্ধা নিবেদন করে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, “তারা (নিহত সেনারা) ইরানের অশুভ অক্ষের বিরুদ্ধে একটি কঠিন যুদ্ধের মধ্যে পড়েছিল, যা আমাদের ধ্বংস করতে চায়।“

তিনি আরও বলেন, "এটি ঘটবে না, কারণ আমরা একসাথে দাঁড়াব এবং আমরা একসাথে জয়ী হব।"

এদিকে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, বুধবার জুড়ে দক্ষিণ লেবানন থেকে উত্তর ইসরায়েলের দিকে ২৪০টিরও বেশি রকেট ছোড়া হয়েছে।

গাজা যুদ্ধের প্রায় এক বছরের মাথায় সীমান্ত এলাকায় হামলা-পাল্টা হামলার পর লেবাননে বিমান হামলা ও স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল। তারা হিজবুল্লাহ হামলায় ইসরায়েলি সীমান্ত এলাকার বাস্তুচ্যুত বাসিন্দাদের নিরাপদে প্রত্যাবর্তন নিশ্চিত করতে চায়।