চট্টগ্রামে ১২০, কক্সবাজারে ১১৪ মিলিমিটার বৃষ্টিপাত

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে চট্টগ্রামে ১২০ মিলিমিটার। এ ছাড়া কক্সবাজারে ১১৪, মাইজদীকোর্টে ১০৮, ফরিদপুরে ৬০, ভোলায় ৫৫, ফেনী ও চাঁদপুরে ৫৪, টেকনাফ ও বান্দরবানে ৫২, সীতাকুণ্ডে ৫১, ঢাকায় ৪৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামী পাঁচ দিনও বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।

আজ বৃহস্পতিবার (৩ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

বৃষ্টিপাতের পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণও হতে পারে।

তাপমাত্রার পূর্বাভাসে বলা হয়েছে, সারা দেশে আজ দিন এবং রাতের তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে। আগামীকাল দেশের উত্তরাঞ্চলে দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে এবং অন্যত্র তা সামান্য বৃদ্ধি পেতে পারে।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে। বাংলাদেশ ও তৎসংলগ্ন উত্তর বঙ্গোপসাগর এলাকায় ২৪ ঘণ্টার মধ্যে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।