ফুটবলের দেশ ব্রাজিল প্রায় দুই যুগ ধরে বিশ্বকাপ শিরোপা জিততে পারেনি। চলতি ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বেও তাদের অবস্থা করুণ। কিন্তু ফুটসালে চলছে তাদের জয়জয়কার। উজবেকিস্তানে চলমান ফিফা ফুটসাল বিশ্বকাপের দশম আসরের ফাইনালে উঠেছে ব্রাজিল। সেমিফাইনালে ইউক্রেনকে হারিয়ে দীর্ঘ এক যুগ পর দলটি এই টুর্নামেন্টের ফাইনালে উঠল।
গতকাল বুধবার বুধবার (২ অক্টোবর) উজবেকিস্তানের রাজধানী তাসখন্দের হুমো অ্যারেনায় অনুষ্ঠিত ম্যাচটির শেষ মুহূর্তের গোলে ব্রাজিল ফাইনাল নিশ্চিত করে। তারা জয় তুলে নেয় ৩-২ গোলে। ব্রাজিলের হয়ে জোড়া গোল করেন দিয়েগো। আর একটি গোল আসে আত্মঘাতী থেকে। ইউক্রেনের হয়ে গোল দুটি করেন ইহোর করসুন ও ইহোর চেরনিয়াভস্কি।
ম্যাচের প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে ছিল ইউক্রেন। দ্বিতীয়ার্ধে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ইউক্রেনের গোলমুখে ব্রাজিল মোট ৫২টি শট করে, যার ১৬টিই ছিল লক্ষ্যে। অন্যদিকে ইউক্রেন করে ৫০টি শট, যার ১২টিই ছিল লক্ষ্যে। তবে ম্যাচের শেষ দিকে আত্মঘাতী গোলটিই জয়-পরাজয়ের ব্যবধান গড়ে দেয়।
এবারের আসরে ‘বি’ গ্রুপ থেকে কিউবাকে ১০ গোলে, ক্রোয়েশিয়া ৮-১ গোলে এবং তৃতীয় ও শেষ খেলায় থাইল্যান্ডকে ৯-১ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোলো নিশ্চিত করেছিল ব্রাজিল। এই পর্বে তারা কোস্টারিকাকে ৫-০ গোলে উড়িয়ে দেয়। এরপর শেষ আটে মরক্কোকে ৩-১ গোলে এবং সেমিফাইনালে ইউক্রেনকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে।