মেক্সিকোর দক্ষিণাঞ্চলে একটি অভিবাসীবাহী ট্রাকে দেশটির সেনাবাহিনীর গুলিতে ছয় অভিবাসীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ১০ জন অভিবাসী আহত হয়েছেন বলে জানিয়েছে মেক্সিকোর প্রতিরক্ষা মন্ত্রণালয়।
গত মঙ্গলবার সন্ধ্যায় গুয়াতেমালা সীমান্তের প্রায় ২৫ মাইল (৪০ কিলোমিটার) উত্তরে অভিবাসী বহনকারী একটি ট্রাককে ধাওয়া করতে গিয়ে এ ঘটনা ঘটে। ট্রাকটিতে ৩৩ জন অভিবাসী ছিল। খবর বিবিসি।
মেক্সিকো মন্ত্রণালয় জানায়, অভিবাসীদের ট্রাকটিকে উচ্চ গতিতে চালাতে দেখে তা থামাতে চেয়েছিল সেনাবাহিনী। কয়েকবার চেষ্টা করেও ট্রাকটি থামাতে না পেরে গুলি করে তারা।
মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, সৈন্যরা বিস্ফোরণের শব্দ শুনার পরে দুই কর্মকর্তা গুলি চালায়। তবে এ ঘটনার তদন্ত চলাকালীন ওই সৈন্যদের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
অন্যদিকে রয়টার্স নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ চিয়াপাস রাজ্যের ঘটনার একটি পুলিশ প্রতিবেদনে বলা হয়েছে যে, সেনা সদস্যরা একটি সেনা চেকপয়েন্টে ট্রাকটিকে থামাতে ব্যর্থ হওয়ার পরে গুলি চালায়। গুলি চালানোর আগে গাড়িটিকে ধাওয়া করেছিল সেনারা।
ঘটনাস্থলেই চারজন মারা যান এবং আহত ১২ জনের মধ্যে দুজন হাসপাতালে মারা যান। বাকি ১৭ যাত্রীকে ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী, গাড়িতে থাকা অভিবাসীরা মিশর, নেপাল, কিউবা, ভারত ও পাকিস্তান থেকে এসেছে। তবে যারা মারা গেছে তাদের জাতীয়তা জানানো হয়নি।
কর্মকর্তারা বলেছেন যে ফেডারেল প্রসিকিউটরদের অবহিত করা হয়েছে এবং একটি সামরিক ট্রাইব্যুনালও এ ঘটনার তদন্ত করবে।