জীবিকার তাগিদে হোটেল শ্রমিক ভিসায় সৌদি আরব যান কুমিল্লার নাঙ্গলকোটের আবদুর রহিম রনি (২২)। ভেবেছিলেন নিজের ও পরিবারে সবার জীবনযাত্রার মান উন্নয়ন করবেন। কিন্তু তার সেই ইচ্ছা আর পূরণ হলো না মাত্র চার মাসের মাথায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারা গেলেন তিনি। মঙ্গলবার (১ অক্টোবর) সৌদি আরবের স্থানীয় সময় রাত ৯টার দিকে সৌদি আরবের আল কাছিম এলাকায় সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়।
আবদুর রহিম রনির লাশ আল কাছিম জেনারেল হাসপাতালে রয়েছে। তিনি উপজেলার রায়কোট উত্তর ইউনিয়নের রায়কোট পশ্চিমপাড়া গ্রামের রেস্টুরেন্ট ব্যবসায়ী জয়নাল আবেদীন জনির ছেলে। রনি জয়নাল আবেদীনের এক ছেলে ও এক মেয়ের মধ্যে সবার বড়। রনি চৌদ্দগ্রাম সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করেন। রনি স্থানীয় ছাত্রদলের নেতা ছিলেন। তার মৃত্যুতে পরিবারে শোকের মাতম বইছে।
তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন, রনির চাচা বাঙ্গড্ডা এডুকেয়ার রেসিডেন্সিয়াল স্কুলের সহকারি শিক্ষক জাফর আহমেদ।
রনির চাচা জাফর আহমেদ জানান, আবদুর রহিম রনি চলতি বছরের ৪ জুলাই একই উপজেলা পেড়িয়া ইউনিয়নের মুন্সিরকলমিয়া গ্রামের সুমনের মাধ্যমে রেস্টুরেন্ট ভিসায় জীবিকার তাগিদে সৌদি আরবের রিয়াদ যান। গত মঙ্গলবার (১ অক্টোবর) সন্ধ্যার দিকে রেস্টুরেন্ট মালিক দাম্মামে তাদের অন্য একটি হোটেল উদ্ভোধনের জন্য আবদুর রহিম রনিসহ ৪জন শ্রমিককে গাড়িতে করে রিয়াদ থেকে দাম্মানের উদ্দেশ্যে প্রেরণ করেন। তাদের বহনকারী গাড়িটি আল কাছিম নামক এলাকায় পৌঁছালে গাড়ির ঘুমন্ত চালক একটি মালবাহি ট্রলির সাথে ধাক্কা দেয়। এ সময় আবদুর রহিম রনির মাথায় গুরুতর আঘাত পান।
স্থানীয়রা তাকে উদ্ধার করে আল কাছিম জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় এক ঘণ্টা পর তার মৃত্যু হয়। আহত অন্যান্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তার মৃত্যুর ঘটনায় স্থানীয় থানায় মামলা হওয়ায় মামলা প্রক্রিয়া শেষ হলে তার লাশ দেশে আনা হবে।