২০২০ সালেই আর্ন্তজাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল পাকিস্তানের লেগস্পিনার উসমান কাদিরের। মাত্র ২৫ টি-টোয়েন্টি ও একটি ওয়ানডে খেলেই জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন এ ক্রিকেটার। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ নিজের অ্যাকাউন্টে এ ঘোষণা দেন তিনি।
এক্সে তিনি টুইট করেছেন, ‘আমি পাকিস্তানের ক্রিকেট থেকে অবসর নিচ্ছি। জাতীয় দলের হয়ে খেলতে পারাটা অসাধারণ অভিজ্ঞতা, আমি কোচ-স্টাফ-কর্মকর্তা-ক্রিকেটার সবাইকে ধন্যবাদ জানাতে চাই। আমার ভক্তদের মনে করছি, তারাই ছিল আমার শক্তি।’
পাকিস্তানের কিংবদন্তি লেগস্পিনার আব্দুল কাদিরের ছেলে তিনি। বোলিং অ্যাকশনেও বাবার সঙ্গে ছিল খুব মিল। বাবাকে স্মরণ করে লিখেছেন, ‘আমি আমার বাবা আব্দুল কাদিরকে স্মরণ করছি। তার রেখে যাওয়া পথই আমি অনুসরণ করবো, যেখানে ক্রিকেটই হবে সব। তিনি আমার ভেতরে যা প্রোথিত করেছেন তা অবিস্মরণীয়, বাকি জীবনে আমি তা উপভোগ করতে চাই।’
উসমানের বাবা আব্দুল কাদির ছিলেন পাকিস্তান তথা বিশ্ব ক্রিকেটের সর্বকালের সেরা লেগস্পিনারদের একজন। দেশের হয়ে ৬৭ টেস্ট ও ১০৪ ওয়ানডে খেলেন বর্ণময় চরিত্রের কাদির, ৩৬৮ আর্ন্তজাতিক উইকেট আছে তার দখলে। ২০১৯ সালে মারা যান তিনি। তবে বাবার মত উজ্জ্বল নয় উসমান কাদিরের আন্তর্জাতিক ক্যারিয়ার। দেশের হয়ে ২৬ ম্যাচে নিয়েছেন ৩২ উইকেট।
তবে ঘরোয়া ক্রিকেটে বেশ সাফল্য রয়েছে তার তার বাকি দুই ভাই ইমরান কাদির ও সুলেমান কাদিরও ফার্স্ট ক্লাস ক্রিকেটার। এর মাঝে ইমরান লেগস্পিনার আর সুলেমান অফ-স্পিনার।