হিলিতে দুই শিক্ষার্থী হত্যা মামলায় গ্রেপ্তার ৩ 

দিনাজপুরের হাকিমপুরের হিলিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলা ও দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় দায়েরকৃত মামলায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) সকালে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের  গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন বোয়ালদাড় ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি ফরিদুল ইসলাম (৩০), হাকিমপুর পৌর আওয়ামী লীগের সদস্য রাজু মল্লিক (৪২) ও হাকিমপুর উপজেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য জসিম উদ্দিন (৬০)।

জানা যায়, ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর বিক্ষুব্ধ জনতা পৌর মেয়র জামিল হোসেন চলন্তের বাড়িতে আগুন ধরিয়ে দেয়। ওই দিন রাতে মেয়রের ওই বাড়ি থেকে আসাদুজ্জামান নূর সূর্য ও নাইম ইসলাম নামের দুই শিক্ষার্থীর দগ্ধ লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস কর্মীরা। এ ঘটনায় গত ১৯ আগস্ট নিহত সূর্যের ভাই সুজন বাদী হয়ে ২৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ১০০ জনের বিরুদ্ধে হাকিমপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

হাকিমপুর থানার এসআই আরিফুর রহমান বলেন, ‘বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা ও দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় দায়েরকৃত মামলায় সংশ্লিষ্টতার অভিযোগে তাদের তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।’