কুমিল্লায় মানবপাচার সিন্ডিকেটের প্রধান সুমন গ্রেপ্তার

কুমিল্লায় মানবপাচার সিন্ডিকেটের প্রধান মো. সুমন মিয়া ওরফে হুন্ডি সুমনকে (৩৬) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২ অক্টোবর) রাতে জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার শংকুচাইল বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার শশীদল ইউনিয়নের দক্ষিণ তেতাভুমি গ্রামের আলী আশরাফের ছেলে।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ করিম খান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মো. সুমন মিয়া ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের ২নং ওয়ার্ডের সদস্য। তিনি ভারত-বাংলাদেশ সীমান্তের ব্রাহ্মণপাড়া এলাকায় হুন্ডি ব্যবসা, মাদক চোরাচালান এবং মানবপাচার সিন্ডিকেট পরিচালনা করে আসছিলেন। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর সুমনের মানবপাচার বাণিজ্য রমরমা হয়ে উঠে। আওয়ামী লীগের শীর্ষ দুর্নীতিবাজ এবং ভয়ংকর অপরাধীদের ভারতে পালিয়ে যেতে সহায়তা করেন তিনি।

কুমিল্লার দানব খ্যাত সাবেক এমপি বাহার উদ্দিন ও তার কন্যা অপসারিত কুসিক মেয়র তাহসিন বাহার সূচনাসহ ৪০-৫০ জন ভিআইপি নেতা এবং মধ্যম সারির অনেক আওয়ামী লীগ নেতাদেরকে সীমান্ত পার করিয়ে ভারতে পালানোর সুযোগ করে দেন সুমন। এ সুযোগে তাদের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নেন তিনি। কয়েক বছর ধরে চোরাচালান মাদক এবং মানি লন্ডারিং করে আসছেন সুমন। তার বিরুদ্ধে জেলার কোতয়ালি মডেল থানা এবং ব্রাহ্মণপাড়া থানায় মাদক এবং মানবপাচার মামলা রয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আটককৃত সুমন মিয়া একজন শীর্ষ মানবপাচারকারী এবং অবৈধ হুন্ডি ব্যবসায়ী। তিনি সাবেক এমপি বাহার, সাবেক মেয়র সুচনাসহ অনেক অপরাধীকে ভারতে পালাতে সহায়তা করেছেন। তার বিরুদ্ধে ৮-১০টি মামলা হয়েছে। তাকে অধিকতর জিজ্ঞাসাবাদ করতে রিমান্ডের জন্য আবেদন করা হবে।