বয়স মাত্র ২২ বছর। তাতেই বোলিংয়ে আগুনে গতি বাংলাদেশের টেস্ট বোলার নাহিদ রানার। পাকিস্তান সিরিজে রাওয়ালিপিন্ডিতে ঘণ্টায় ১৫২ কিলোমিটার গতিতে বল করেছিলেন নাহিদ রানা। বাংলাদেশি কোন পেসারের এটাই সর্বোচ্চ গতির বল।
চাঁপাইনবাবগঞ্জের এ বোলার ভারত সফর শেষে আজ দেশে ফেরার পর জানান, ঘণ্টায় ১৬০ বা ১৬২ কিলোমিটার গতিতে বল করা তার লক্ষ্য নয়, ‘এমন কোনো ইচ্ছা নেই যে আমাকে সবচেয়ে বেশি জোরে বল করতে হবে। ইচ্ছা একটাই, নিজেকে ফিট রাখা আর দলের পরিকল্পনা অনুযায়ী বল করা। আর টিমের চাহিদা যেন পূরণ করতে পারি।’
আরও বেশি শিখে পরিণত হতে চান এই পেসার, ‘ভারতের উইকেটটা প্রথম দুই দিন পেস বোলারদের সাহায্য করেছে। শেষ তিন দিন স্পিনাররা সাহায্য পেয়েছে। পাকিস্তানে ছিল স্পোর্টিং উইকেট। ব্যাটিং ভালো করলে ব্যাটিং, বোলিং ভালো করলে বোলিং। আন্তর্জাতিক ক্রিকেটে আসলে যতদিন খেলব শেখার শেষ নেই। ক্রিকেট যতদিন খেলব ততদিন তো বটেই ক্রিকেট ছাড়ার পরও শেখার শেষ নেই। আমি এখন যে কোচের অধীনে রয়েছি তার কাছ থেকে শেখার চেষ্টা করছি।’