হিন্দু সম্প্রদায়ের দুর্গাৎসবের পূজামণ্ডপ ও তাদের কার্যক্রমে কোনো দুষ্কৃতকারী, অনুপ্রবেশকারী আওয়ামী লীগ যাতে ষড়যন্ত্র করতে না পারে সেজন্য জনগণকে সঙ্গে নিয়ে প্রত্যেকটি পূজামণ্ডপে দলের নেতাকর্মীরা পাহারায় থাকবে বলে জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির সদ্য সাবেক সদস্য সচিব আমিনুল হক।
আজ বৃহস্পতিবার (৩ অক্টোবর) বিকেলে পল্লবী থানা যুবদলের উদ্যোগে রুপনগরের আরামবাগ ও চলন্তিকার মোড়ে বিপন্ন মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, সামনে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। হিন্দু সম্প্রদায়ের দুর্গোৎসবের প্রত্যেকটি পূজামণ্ডপে তাদের পাশে থেকে কাঁধে কাঁধ মিলিয়ে সহায়তা করতে হবে। কারণ হিন্দু ভাইয়েরা তারা আমাদের ভাই, আমাদের বন্ধু, আমাদের প্রতিবেশী। তাদের সহায়তা করা আমাদের নৈতিক এবং রাষ্ট্রীয় দায়িত্ব।
জাতীয় ফুটবল দলের সাবেক এই অধিনায়ক বলেন, আমরা দেশে এমন একটা সরকার প্রতিষ্ঠা করতে চাই, যেই সরকারের জনগণের কাছে জবাবদিহিতা দিতে বাধ্য থাকবে এবং সেই জবাবদিহিতার সরকারের বাংলাদেশের মানুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে পারবে।
জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর উত্তর পল্লবী থানার আহ্বায়ক যুবনেতা আলহাজ্ব নূর সালামের তত্ত্বাবধানে ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সদস্য মাহাবুব আলম মন্টু, যুবদল ঢাকা মহানগর উত্তর এর সদস্য সচিব সাজ্জাদুল মেরাজ, স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সদস্যসচিব মহসিন সিদ্দিকী রনি, পল্লবী থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক কামাল হুসাইন খান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফ আলী গাজী, যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান, আনিছুর রহমান, রুপনগর থানা বিএনপির আহ্বায়ক জহিরুল হক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইন্জি. মজিবুল হকসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।