নীলফামারীর ডিমলা উপজেলায় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে চারজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (২ সেপ্টেম্বর) মধ্যরাতে উপজেলার কালিগঞ্জ সীমান্তের নামাজী পাড়া নামক স্থান থেকে তাদের আটক করে রংপুর ব্যাটালিয়ন-(৫১) বিজিবির টহল দল। এ সময় ২৫ হাজার ১৭০ টাকা, ১৬০ ভারতীয় রুপি, দুটি চার্জার, একটি ব্লুটুথ হেডফোন, চারটি সিম, দুইটি অ্যান্ড্রয়েড মোবাইল, দুইটি জাতীয় পরিচয়পত্রসহ একটি জন্ম নিবন্ধন কার্ড জব্দ করা হয়। আটককৃতদের পুলিশের কাছে সোপর্দ করেছে বিজিবি। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
আটকৃতরা হলেন দিনাজপুরের খানসামা উপজেলার কায়েমপুর এলাকার খনিজ চন্দ্র রায় (২৬), তপন রায় (২১), ছন্দ রায় (২১) ও রনজিৎ চন্দ্র রায় (২১)।
ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) ফজলে এলাহী বলেন, ‘অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় বিজিবি তাদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। তাদেরকে আগামীকাল আদালতে পাঠানো হবে।’