রাজধানীতে স্বামীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে স্ত্রী গ্রেপ্তার

রাজধানীর দক্ষিণখানে আবাসিক হোটেলে স্বামীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে স্ত্রীকে গ্রেপ্তার করেছে দক্ষিণখান থানা পুলিশ। বুধবার (২ অক্টোবর) দুপুরে রাজধানীর কেরানীগঞ্জ গোপপাড় এলাকা হতে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গত ২৯ সেপ্টেম্বর রাতে রাজধানীর হাজী হোটেল ইন্টারন্যাশনাল নামে এক আবাসিক হোটেলে উঠেন শাখাওয়াত হোসেন শরীফ ও তার স্ত্রী হাজেরা আক্তার নুর। তারা হোটেলের নিচতলার একটি কক্ষটি ভাড়া নেয়। পরদিন সন্ধ্যায় হোটেল কর্তৃপক্ষের সংবাদের ভিত্তিতে ওই কক্ষ থেকে শরীফের লাশ উদ্ধার করা হয়। খবর পেয়ে শরীফের বাবা মো. সাইফুল ইসলাম দক্ষিণখান থানায় মামলা করেন।

ঘটনার পরপরই দক্ষিণখান জোনের সহকারী কমিশনার মো. নাসিমের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে হাজেরা আক্তার নুরকে গ্রেপ্তার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার হাজেরা আক্তার জানায়, রাতে হোটেলে দাম্পত্য কলহের জেরে স্বামী-স্ত্রী দু’জনের মধ্যে ঝগড়া ও হাতাহাতি হয়। একপর্যায়ে স্ত্রী হাজেরা আক্তার নুর উক্ত রুমে থাকা ফল কাটার চাকু দিয়ে তার স্বামী শরীফকে শরীরের একাধিক স্থানে ছুরিকাঘাত করে। যার ফলে তার স্বামী মারা যান। পরদিন ভোরে কৌশলে তিনি পালিয়ে যান।

এ ঘটনায় গ্রেপ্তার হাজেরা আক্তার নুর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।