কুমিল্লার মুরাদনগরে বিশেষ চাহিদা সম্পন্ন (প্রতিবন্ধী) শিশুদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে ‘প্রতিভা’ নামে একটি শিশু বিদ্যালয় উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুরে উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এই বিদ্যালয়ের উদ্বোধন করেন কুমিল্লা জেলা প্রশাসক আমিরুল কায়সার।
জেলা প্রশাসক আমিরুল কায়সার বলেন, বিশেষচাহিদা সম্পন্ন শিশু ও নাগরিকরাও আমাদের সমাজের একটি অংশ। তাদেরকে কোনোভাবে আলাদা করে দেখার সুযোগ নেই। তাই প্রতিবন্ধী শিশুদেরকে শিক্ষাগ্রহণের জন্য বিদ্যালয়ের সূচনা করা হলো। আমি চাই শুধু মুরাদনগই নয় সারা দেশে এমন বিদ্যালয় গড়ে উঠুক।
এসময় জেলা প্রশাসক প্রতিবন্ধী শিশুদের জন্য থেরাপি সেবা, ভিক্ষুক পুর্নবাসনের আওতায় একজনকে কর্মসংস্থানের জন্য ব্যাটারি চালিত রিক্সা প্রদানসহ মাদক নির্মূলে মুরাদনগর উপজেলা ফুটবল টিমের কার্যক্রম উদ্বোধন করেন তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিনের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফরিদুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা সানজিদা হায়দার নুপুর, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হাই খান, সমাজসেবা কর্মকর্তা বরুন চন্দ্র দে, বিএডিসির উপ-সহকারী প্রকৌশলী কাউছার আহাম্মেদ, পল্লীসঞ্চয় ব্যাংকের শাখা ব্যাবস্থাপক মোজাম্মেল হক।