ব্রেমারের চোটে ব্রাজিল দলে বেরালদো

২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে এই মাসে চিলি ও পেরুর বিপক্ষে ম্যাচ খেলবে ব্রাজিল। আসন্ন দুই ম্যাচের জন্য আগেই স্কোয়াড ঘোষণা করে ব্রাজিল। তবে হঠাৎ স্কোয়াডে পরিবর্তন আনতে হলো কোচ দরিভাল জুনিয়রকে।

জুভেন্তাসের হয়ে চ্যাম্পিয়নস লিগ ম্যাচে মাঠে নেমেছিলেন সেন্টার ব্যাক ব্রেমার। লাইপজিগের মাঠে ৩-২ গোলে জয়ের দিনে ব্রেমার লিগামেন্টের চোটে পড়েন। শঙ্কা আছে পুরো মৌসুম শেষ হয়ে যাওয়ার।

ব্রেমার চোটে পড়ায় স্কোয়াডে ডাক পেয়েছেন প্যারিস সেইন্ট জার্মেইতে খেলা সেন্টার ব্যাক লুকাস বেরালদো। বেরালদো পিএসজিতে শুরুর একাদশে নিয়মিত খেলে থাকেন। বেরালদো এর আগে ব্রাজিলের হয়ে তিনটি ম্যাচ খেলেছেন।

১১ অক্টোবর চিলি ও ১৬ অক্টোবর নিজেদের মাঠে পেরুর বিপক্ষে খেলবে ব্রাজিল।

বিশ্বকাপ বাছাইয়ে কনমেবল অঞ্চলে ব্রাজিল এখন আছে পঞ্চম স্থানে। ৮ ম্যাচ শেষে তাদের পয়েন্ট ১০।