গাড়ি থামিয়ে ওবায়দুল কাদেরের ভগ্নিপতিকে কোপাল দুর্বৃত্তরা 

নোয়াখালী জেলা পরিষদ ও কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য মনিরুজ্জামান মনিরকে (৫৬) কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ভগ্নিপতি।

শুক্রবার (০৪ অক্টোবর) বিকেলে উপজেলার চরহাজারী ইউনিয়নের চরহাজারী চৌরাস্তা এলাকায় চলন্ত অটোরিকশার গতি রোধ করে তাকে কুপিয়ে আহত করা হয়। হামলার পর মনিরুজ্জামানকে সড়কের পাশে ফেলে রেখে চলে যায় দুর্বৃত্তরা। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে তাকে ঢাকায় পাঠানো হয়।

স্থানীয় বাসিন্দা ও আওয়ামী লীগের নেতাকর্মীরা জানিয়েছে, মনিরুজ্জামান পরিবারের সদস্যদের সঙ্গে উপজেলার বসুরহাট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে বসবাস করেন। দুপুরে তিনি চরপার্বতী ইউনিয়নের কদমতলা বাজার এলাকায় নিজের গ্রামের বাড়িতে জুমার নামাজ পড়তে যান। নামাজ শেষে ফেরার পথে সিএনজিচালিত অটোরিকশার গতিরোধ করে দুর্বৃত্তরা। এরপর মনিরুজ্জামানকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে এবং লাঠি দিয়ে পিটিয়ে আহত করা হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক রৌশন জাহান সাংবাদিকদের বলেন, মনিরুজ্জামানের মাথায় ও পিঠে ধারালো অস্ত্রের জখম রয়েছে। এ ছাড়া হাঁটুতেও গুরুতর জখম ছিল। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় নেওয়ার পরামর্শ দেওয়া হয়।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম জানিয়েছেন, ঘটনাটি শোনার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরিবারের পক্ষ থেকে কেউ থানায় অভিযোগ করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।