শিশু সপ্তাহ উপলক্ষে অটিজম আক্রান্ত শিশু/কিশোরদের আঁকা চিত্রের তিন দিন প্রদর্শনীর আয়োজন করেছে অটিজম ওয়েলফেয়ার ফাউন্ডেশন। ৩ অক্টোবর রাজধানীর সফিউদ্দীন গ্যালারিতে এ চিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন একুশে পদকপ্রাপ্ত খ্যাতনামা চিত্রশিল্পী, কার্টুনিস্ট রফিকুন নবী।
প্রদর্শনীতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফ্যাশন ডিজাইনার ও উদ্যোক্তা নাতাশা হায়াত, কার্টুনিস্ট মোর্শেদ মিশু, মিডিয়া ব্যক্তিত্ব শারমিন লাকি এবং অটিজম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক রুদাবা তাজিন।
অনুষ্ঠানে অতিথিরা শিল্পীদের আঁকা ছবির প্রশংসা করে তাদের প্রচেষ্টার প্রতি শুভকামনা জানান।
অটিজম ওয়েলফেয়ার ফাউন্ডেশন জানায়, তারা বিশ্বাস করে অটিজম আক্রান্ত বিশেষ শিশু/কিশোররা সঠিক পরিচর্যা ও প্রশিক্ষণ পেলে তাদের প্রতিভার স্বাক্ষর রাখতে পারে এবং তারাও মেধার ভিত্তিতে অবস্থান করে নিতে পারে মূল স্রোতে। এই বিশ্বাস থেকেই তারা আধুনিক শিক্ষা পদ্ধতিতে সুন্দর পরিবেশে, যুগোপযোগী, কর্ম ও বিনোদনমুখী প্রশিক্ষণের আয়োজন করে আছে। তারই ধারাবাহিকতায় অটিজম শিক্ষার্থীদের আঁকা ছবি নিয়ে অনুষ্ঠিত হচ্ছে তিন দিনের এই বিশেষ প্রদর্শনী।
প্রতিষ্ঠানটি আরও জানায়, ফাউন্ডেশনের শিক্ষার্থীদের প্রতিভার স্বীকৃতিস্বরূপ তাদের আঁকা ছবি বিভিন্ন সময়ে রাষ্ট্রীয় বিভিন্ন দিবস স্মরণে প্রধানমন্ত্রীর দপ্তরের পুরস্কারসহ নানা সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ঈদ কার্ড, ক্যালেন্ডারসহ বিভিন্ন প্রচ্ছদ হিসেবে স্থান পেয়েছে।
প্রদর্শনী চলবে ৫ অক্টোবর রাত ৮টা পর্যন্ত।