ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী রমিজ উদ্দিন আহমেদ রুপক হত্যা মামলায় আওয়ামী লীগ সরকারের সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গতকাল শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুদ্দীন হোসাইন উভয় পক্ষের শুনানি শেষে জামিনের আবেদন নাকচ করে দিয়ে সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন। মামলার তদন্ত কর্মকর্তা তেজগাঁও থানার পরিদর্শক মো. সোহেল রানা দশ দিনের রিমান্ডের আবেদন করেন।
এর আগে গত বৃহস্পতিবার রাতে ঢাকার ভাটারা থানাধীন আবাসিক এলাকা থেকে সাধন চন্দ্র মজুমদারকে গ্রেপ্তার করে ঢাকা মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত ৪ আগস্ট বিকেল ৩টার দিকে রাজধানীর কারওয়ানবাজার মেট্রোরেল স্টেশনের সামনে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গুলিবিদ্ধ হন রমিজ। তাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে ওই দিনই সন্ধ্যা দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। গত ৭ সেপ্টেম্বর নিহতের বাবা একেএম রকিবুল আহমেদ বাদী হয়ে তেজগাঁও থানায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, দীপু মনিসহ ২২২ জনের বিরুদ্ধে এ মামলাটি করেন।
সমীর রিমান্ডে, কারাগারে মুর্শেদী : ঢাকার বাড্ডায় দুলাল সরদার নামের একজনকে হত্যা মামলায় কৃষক লীগের সভাপতি সমীর চন্দের তিন দিনের এবং বিএনপির মহাসমাবেশে যুবদল নেতা শামীম হত্যার মামলায় সাবেক কাউন্সিলর এনামুল হক বাবুলের পাঁচ দিনের, করেছে আদালত। গতকাল উভয়পক্ষের শুনানি শেষে ঢাকার পৃথক মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এসব রিমান্ড মঞ্জুর করে। কৃষক লীগের সভাপতি সমীর চন্দকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার উপপরিদর্শক সৈয়দ ইমরুল সাহেদ। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজার আদালত তার তিন রিমান্ড মঞ্জুর করে। গত বৃহস্পতিবার রাতে সমীর চন্দকে গ্রেপ্তার করা হয়। গত ২৬ সেপ্টেম্বর মো. শরিফুল ইসলাম বাদী হয়ে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের আদালতে মামলাটি করেছিলেন। এ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪৫ জনকে আসামি করা হয়েছে।
সাবেক কাউন্সিলর এনামুল হক বাবুলকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা পল্টন মডেল থানার উপপরিদর্শক তন্ময় কুমার বিশ্বাস ১০ দিনের রিমান্ড আবেদন করেন। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুদ্দীন হোসাইন পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এদিকে আদাবর থানার পোশাকশ্রমিক রুবেল হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য আবদুস সালাম মুর্শেদীকে দুদিনের রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছে আদালত।