পাহাড়ের সব হত্যাকান্ডের বিচার দাবি

পাহাড়ের সব হত্যাকান্ডের বিচার ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে বৈষম্যবিরোধী পার্বত্য চট্টগ্রাম ঐক্য পরিষদ। গতকাল শুক্রবার চট্টগ্রাম প্রেস ক্লাবের সমানে মানববন্ধন ও সমাবেশে শিক্ষক সোহেল রানা হত্যা, পরিবহন শ্রমিক মামুন হত্যাসহ পাহাড়ে সংঘটিত সব হত্যাকা-ের বিচার দাবি জানান বক্তারা।

বক্তারা বলেন, ‘নানা বৈষম্যের শিকার হয়ে পিছিয়ে যাচ্ছে পার্বত্য অঞ্চলের বাঙালি পরিবারগুলো। উপজাতি পরিবারগুলো রাষ্ট্রীয় যেসব সুযোগ-সুবিধা পাচ্ছে, ঠিক তার বিপরীতে বাঙালি পরিবারগুলো তা পাচ্ছে না। বর্তমানে পার্বত্য চট্টগ্রামকে খ্রিস্টান অধ্যুষিত রাষ্ট্রে পরিণত করার আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে বলে উল্লেখ করেন তারা।’

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রামবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সাবেক সদস্য ও চট্টগ্রাম নগর জামায়াতের আমির আলহাজ শাহজাহান চৌধুরী বলেন, ‘পার্বত্য চট্টগ্রামের সব সমস্যা সমাধানের জন্য একটি উচ্চক্ষমতা সম্পন্ন বিশেষ কমিশন গঠনের কোনো বিকল্প নেই। ভূমি সমস্যা সমাধান সবাইকে সঙ্গে নিয়ে করতে হবে।’

ঐক্য পরিষদের প্রধান সমন্বয়কারী তৌহিদ আজাদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন খাগড়াছড়ি জেলা পরিষদের সাবেক সদস্য আবু বকর, শ্রমিক কল্যাণ পরিষদ চট্টগ্রাম মহানগরের সভাপতি এস এম লুৎফর রহমান, বান্দরবান জেলা নাগরিক পরিষদের সাবেক সভাপতি আতিকুর রহমান, ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি ছাদেক, ছাত্র শিবির বান্দরবান জেলার সাবেক সভাপতি আনোয়ারুল ইসলাম, অ্যাডভোকেট হাসান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক ফজলুল হক শ্রাবণ, তারেক মানোয়ার প্রমুখ