বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও গুলি করে হত্যা করার অভিযোগে আওয়ামী লীগের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গত বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার বিকেল পর্যন্ত রাজধানীর উত্তরা পশ্চিম, পল্লবী ও খিলগাঁও থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে উত্তরা পশ্চিম থানা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মনোয়ার ইসলাম চৌধুরী রবিন, পল্লবী থানা যুবলীগের আইনবিষয়ক সম্পাদক শেখ মোহাম্মদ ওয়াসিম ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৭৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. আজিজুল হক ও স্বেচ্ছাসেবক লীগের সদস্য মো. ওবায়দুল ইসলাম রানা।
ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মিরপুর-১০ এলাকায় ছাত্র-জনতার ওপর আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এলোপাতাড়ি গুলিবর্ষণ করলে ইমন নামে এক যুবক মারা যান। সেই মামলায় পল্লবী থানা যুবলীগের আইনবিষয়ক সম্পাদক শেখ মোহাম্মদ ওয়াসিকে গ্রেপ্তার কারা হয়েছে। আন্দোলনে বনশ্রী এলাকার মুদির দোকানের কর্মচারী মিজানুর রহমান হত্যা মামলায় সাবেক কাউন্সিলর আজিজুল হক ও স্বেচ্ছাসেবক লীগের সদস্য ওবায়দুল ইসলাম রানাকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া আন্দোলন চলার সময় গ্রেপ্তারকৃত অ্যাডভোকেট মনোয়ার ইসলাম চৌধুরী রবিন উত্তরা এলাকায় আন্দোলন দমনপীড়নে জোরালো ভূমিকা পালন করেন। তিনি উত্তরা পশ্চিম থানায় সাতটি ও উত্তরা পূর্ব থানায় পাঁচটি মামলায় এজাহারভুক্ত আসামি। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।