রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি অ্যান্ড প্যারাসাইটোলজি বিভাগের সহযোগী অধ্যাপক কামরুল ইসলামের বিরুদ্ধে হত্যা মামলার অভিযোগ আনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
গতকাল শুক্রবার বেলা ৩টায় শিক্ষকের বিরুদ্ধে হয়রানি ও ষড়যন্ত্রের প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল করেন তারা। এ সময় ষড়যন্ত্রকারীর অভিযোগ মানি না মানব না, মিথ্যা অভিযোগ মানি না মানব না, ষড়যন্ত্রকারীর কালো হাত, ভেঙে দাও গুঁড়িয়ে দাও ইত্যাদি স্লোগান দেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থী জাহিদ জানান, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে যে সরকারের পতন ঘটেছে, এ আন্দোলনে যখন ছাত্রদের ওপর নির্যাতন করা হচ্ছিল, তখন শুরুর দিকে শেকৃবির কোনো শিক্ষক এগিয়ে আসেননি। সে সময় শহীদ আবু সাঈদের পোস্ট শেয়ার দিয়ে শেকৃবির শিক্ষকদের মধ্যে প্রথম যিনি প্রতিবাদ জানিয়েছিলেন তিনি হচ্ছেন কামরুল স্যার। শিক্ষার্থীদের বিরুদ্ধে যেকোনো অন্যায় অবিচার হলে স্যার সবার আগে ছাত্রদের পাশে দাঁড়ান। তিনি আগের বছরগুলোতে অনেক বৈষম্যের শিকার হয়েছেন। আমরা এই মিথ্যা অভিযোগের তীব্র নিন্দা জানাচ্ছি এবং কোনো অপশক্তি যদি আবারও স্যারের ক্ষতির চেষ্টা করে, তাহলে তাদের কালো হাত ভেঙে দিতে আমরা প্রস্তুত আছি।
ভুক্তভোগী সহযোগী অধ্যাপক মো. কামরুল হাসান বলেন, যে হত্যা মামলায় আমাকে জড়ানোর চেষ্টা করা হচ্ছে, সেই ঘটনার সঙ্গে আমি কোনোভাবেই সম্পৃক্ত না। এমনকি সেই লোককে আমি চিনতামও না। আমি মামলার বাদীপক্ষের সঙ্গেও দেখা করেছি, তারাও জানেন না আমার নাম কীভাবে এলো। কেউ ব্যক্তিগত আক্রোশ থেকে আমার নাম দিয়েছে।
শেরেবাংলা নগর থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল বলেন, আসলে এ মামলাটি এখনো এজাহারভুক্ত হয়নি। যদিও বাদী অভিযোগ নিয়ে এসেছিল, তবে এখন আরেকটু সময় নিচ্ছে। যেহেতু এজাহারভুক্ত নয়, তাই এখনই কিছু বলা সম্ভব নয়। তবে আমরা বিষয়গুলো নিয়ে অবগত এবং অভিযোগ এলে পুনর্বিবেচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে।