ছত্তিশগড়ে নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষে ৩১ মাওবাদী নিহত

মধ্য ভারতের ছত্তিশগড় রাজ্যের সীমান্ত অঞ্চলে নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষ ও বন্দুকযুদ্ধে ৩১ মাওবাদী নিহত হয়েছে। শুক্রবার ছত্তিশগড়ের নারায়ণপুর-দান্তেওয়াড়া সীমান্ত সংলগ্ন একটি বনে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

ভারতের ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড (ডিআরজি) এবং স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) শুক্রবার থেকে মাওবাদী বিরোধী অভিযান শুরু করেছে। এক সূত্রের বরাতে শনিবার এ খবর জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।

এ অভিযানে একে সিরিজসহ বেশ কিছু অ্যাসল্ট রাইফেল এবং অন্যান্য অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে সূত্রটি জানিয়েছে।

সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়, বিশাল সংখ্যক মাওবাদী উপস্থিতির গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল ওর্চা এবং বারসুর থানার অন্তর্গত গোভেল, নেন্দুর এবং থুলথুলি গ্রামে পৃথক কয়েকটি দলকে যৌথ অভিযানে পাঠানো হয়। দলগুলো এসব গ্রামে চিরুনি অভিযান চালায়।

শুক্রবার দুপুরের দিকে নেন্দুর-থুলথুলির কাছে বনে নিরাপত্তা বাহিনীর সাথে মাওবাদীদের সংঘর্ষ শুরু হয়। এতে ৩১ মাওবাদী নিহত হয় এবং কিছু মাওবাদী বনের গভীরে পালিয়ে যায়। পরে নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাদের তাড়া করে।

অন্যদিকে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানায়, এ সংঘর্ষে নিহতদের মধ্যে অন্তত পাঁচজন সিনিয়র কমান্ডার রয়েছে বলে ধারণা করছে পুলিশ। বনের ১০ কিলোমিটার এলাকার মধ্যে একাধিক স্থানে সংঘর্ষের ঘটনা ঘটে, দুপুর ১টা থেকে রাত ৯টা পর্যন্ত দুই পক্ষের মধ্যে একটানা গুলি বিনিময় হয়।

এই অভিযানটিকে ছত্তিশগড়ে মাওবাদী বিদ্রোহের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনীর জন্য সবচেয়ে বড় সাফল্য হিসেবে চিহ্নিত করা হচ্ছে। এই অভিযানকে একটি বড় অভিযান উল্লেখ করে নিরাপত্তা বাহিনীকে অভিনন্দন জানিয়েছেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণু।