এই ব্যাটিং দিয়ে ইংল্যান্ডকে আটকাতে পারবে বাংলাদেশ?

জয় দিয়ে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করেছে বাংলাদেশ। উদ্বোধনী ম্যাচে তারা স্কটল্যান্ডকে হারিয়ে ১৬ রানে। এক দশক পর বিশ্বকাপের মঞ্চে ম্যাচ জিতেও বাংলাদেশ দলে স্বস্তি নেই। এই অস্বস্তির কারণ হলো ব্যাটিং। আজ রাত ৮টায় ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে এই ব্যাটিংটাই বাংলাদেশকে চিন্তায় ফেলেছে।

স্কটল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ তুলেছিল ৭ উইকেটে ১১৯ রান। রিতু মনির ৪ বলে ৫ আর ফাহিমা খাতুনের ৫ বলে ১০* রান ছাড়া আর কেউ একশর বেশি স্ট্রাইকরেটে ব্যাট করতে পারেননি। সর্বোচ্চ ৩৬ রান করেছেন সোবাহানা মোস্তারী, সেটাও ৩৮ বলে। ব্যাটাররা উইকেট বিলিয়েছেন দেদারসে। দলটা স্কটল্যান্ড বলেই হয়তো নিগার সুলতানারা ম্যাচটা জিতে নিয়েছেন। কিন্তু ইংল্যান্ডের বিপক্ষে তো এসব চলবে না।

শক্তির দিক দিয়ে বাংলাদেশের চেয়ে বহু এগিয়ে ইংল্যান্ড। এই ম্যাচের আগে স্কটল্যান্ডের বিপক্ষে জয়টাই টাইগ্রেসদের অনুপ্রেরণা। বাংলাদেশের ব্যাটার সোবহানা মোস্তারি বলেন, ‘ইংল্যান্ড তো অনেক ভালো দল, র‍্যাঙ্কিংয়ে এক, দুই, তিনের মধ্যেই থাকে সব সময়। তবে আমরা আশাবাদী। স্কটল্যান্ডের বিপক্ষে জয় দিয়ে শুরুর করার পর আমাদের আত্মবিশ্বাস এখন অনেক উঁচুতে। আগামীকাল (আজ) ইংল্যান্ডের বিপক্ষে ব্যাটিং, বোলিং ও ফিল্ডিংয়ে ১০০ ভাগ দেওয়ার চেষ্টা করব।’

ইংল্যান্ডের বিপক্ষে এর আগে ৩টি টি-টোয়েন্টি খেলে তিনটিই হেরেছে বাংলাদেশ, যার সর্বশেষটি ২০১৮ সালে। আন্তর্জাতিক ক্রিকেটে আর একবারই দেখা হয়েছে এই দুই দলের, সেটি ২০২২ সালে ওয়ানডে বিশ্বকাপে। বোলিংয়ে মোটামুটি ভালো করলেও সেই ম্যাচে বাংলাদেশ হেরেছিল ঠিক ১০০ রানে। শারজায় আজ তাই কঠিন পরীক্ষাই দিতে হবে নিগারদের। অবশ্য এই ম্যাচ জিতলে টাইগ্রেসদের হাতছানি দেবে সেমিফাইনাল!