প্রতি বছরই বিভিন্ন খাতে বিশেষ অবদানের প্রেক্ষিতে বিভিন্ন ব্যক্তিদের দেয়া হয় বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার নোবেল।
আর তাই চলতি বছর জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসকে শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনীত করেছে নরওয়ের নোবেল পুরস্কার প্রদান কমিটি। সূত্রের বরাত দিয়ে বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে রয়টার্স।
আগামী অক্টোবর মাস থেকে ঘোষিত হবে ২০২৪ সালের নোবেল পুরস্কার বিজয়ীদের নাম। আর শান্তিতে নোবেল বিজয়ীর নাম ঘোষণা করা শুরু হবে ১১ অক্টোবর।
শান্তিতে নোবেলের জন্য জাতিসংঘ মহাসচিবের পাশাপাশি রাশিয়ার সাবেক বিরোধী নেতা অ্যালেক্সি নাভালনি এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও সম্ভাব্য মনোনীতদের তালিকায় ছিলেন। কিন্তু পরে তাঁদের বাদ দেওয়া হয়। অ্যালেক্সি নাভালনিকে বাতিল করার কারণ তিনি মারা গেছেন। আর জেলেনস্কি একটি যুদ্ধরত দেশের প্রেসিডেন্ট হওয়ায় বাদ পড়েন।
রয়টার্স আরও জানিয়েছে, অন্যান্য মনোনীতদের মধ্যে রয়েছে জাতিসংঘের শরণার্থী সংস্থা, ইউএনএইচসিআর, পোপ ফ্রান্সিস এবং ব্রিটিশ প্রকৃতিবিদ ডেভিড অ্যাটেনবরো। এবারের পুরস্কারের জন্য মোট ২৮৬ জন প্রার্থী মনোনীত হয়েছেন।
গত বছর শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন কারাবন্দী ইরানী নারী অধিকার আইনজীবী নার্গিস মোহাম্মদী।
নোবেল শান্তি পুরস্কার বিষয়ক ইতিহাসবিদ অ্যাশলে সেভিনের মতে, ‘গত কয়েক বছরে বৈশ্বিক আইন ও বিশ্বব্যবস্থাকে টিকিয়ে রাখতে যারা অবদান রাখছেন, তাদেরকেই এবারের শান্তি পুরস্কারের জন্য অগ্রাধিকার ভিত্তিতে মনোনয়ন দিচ্ছে নরওয়ের নোবেল কমিটি। সেই হিসেবে পুরস্কারের জন্য মূল প্রতিদ্বন্দ্বিতা হবে জাতিসংঘের মহাসচিব এবং আইসিজের মধ্যে।
তিনি আরও বলেন, ‘এই মুহূর্তে আন্তোনিও গুতেরেস হচ্ছেন জাতিসংঘের শীর্ষ প্রতীক। অন্যদিকে, মানবিক ইস্যুর সঙ্গে সম্পর্কিত সব আন্তর্জাতিক আইনের সুরক্ষা এবং সেগুলো প্রয়োগের দায়িত্বে রয়েছে জাতিসংঘের আদালত আইসিজে। এই কাজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
শান্তি ছাড়া বাকি চারটি খাতে পুরস্কারের জন্য মনোনয়ন এবং প্রদানের ব্যাপারটি দেখভাল করে সুইডিশ রয়্যাল একাডেমি। আর শান্তিতে নোবেলের প্রার্থী মনোনয়ন ও পুরস্কার প্রদানের দায়িত্বে রয়েছে নরওয়েজিয়ান নোবেল কমিটি।