ইয়মেনের হুতি গোষ্ঠীর অবকাঠামো লক্ষ্য করে হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ ও বিমান। স্থানীয় সময় শুক্রবার এ হামলা শুরু হয় বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
এছাড়া আল-বায়দা প্রদেশে কয়েকটি হুটি সামরিক ঘাঁটি লক্ষ্য করেও হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন বাসিন্দারা। হুতি নিয়ন্ত্রিত আল মাসিরাহ টিভি এবং স্থানীয় বাসিন্দাদের বরাতে এ খবর জানিয়েছে বার্তাসংস্থা খবর রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়, শুক্রবার ইয়েমেনের রাজধানী সানা এবং হোদেইদাহ বিমানবন্দরসহ ইয়েমেনের বেশ কয়েকটি অংশে বিমান হামলা শুরু করে মার্কিন বাহিনী। এছাড়া ধামার শহরের দক্ষিণে এবং আল-বায়দা প্রদেশের দক্ষিণ-পূর্ব দিকেও হামলা চালানো হয়েছে।
আল মাসিরাহ টিভি জানিয়েছে যে, যুক্তরাষ্ট্র এবং ব্রিটিশ বাহিনী এই হামলা চালিয়েছিল। তবে ব্রিটিশ সরকারের একটি সূত্র হামলায় জড়িত থাকার কথা অস্বীকার করে জানিয়েছে যে যুক্তরাজ্য এই হামলায় জড়িত ছিল না।
পরবর্তীতে হুতি অবকাঠামোতে হামলার কথা জানায় মার্কিন বাহিনী। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, মার্কিন সামরিক বাহিনী হুতিদের মালিকানাধীন অস্ত্র ব্যবস্থা, ঘাঁটি ও বিভিন্ন সরঞ্জাম লক্ষ্য করে হামলা চালিয়েছে।
এদিকে মার্কিন বাহিনীর বিমান হামলার পর একজন হুথি মুখপাত্র এই হামলাকে মরিয়া প্রচেষ্টা বলে অভিহিত করেন। তিনি বলেন, ইয়েমেন এই আক্রমণ দ্বারা নিরস্ত হবে না এবং শত্রুদের মোকাবেলায় তার অটলতা অব্যাহত রাখবে।
গত বছরের ৭ অক্টোবর গাজা যুদ্ধ শুরু হওয়ার পর গত বছরের নভেম্বর থেকে লোহিত সাগরে প্রায় ১০০টি জাহাজে হামলা চালিয়েছে হুতিরা। এসব হামলায় দুটি জাহাজ ডুবে গেছে। গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে এসব হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে হুতি।