মালদিনিদের তৃতীয় প্রজন্ম ডাক পেলেন ইতালি দলে

২২ বছরের মধ্যে প্রথমবার বিখ্যাত মালদিনি পরিবার থেকে ইতালি জাতীয় দলে ডাক পেয়েছেন কোন ফুটবলার। এই অক্টোবরে নেশন্স লিগে দুই ম্যাচের জন্য ঘোষিত দলে দানিয়েল মালদিনিকে ডেকেছেন ইতালির কোচ লুসিয়ানো স্পালেত্তি।

এসি মিলানের হয়ে ২০২০ সালে পেশাদার ক্যারিয়ার শুরু দানিয়েলের। ধারে কয়েকটি ক্লাবে খেলার পর এই মৌসুমে স্থায়ী হয়েছেন মোনজাতে। দানিয়েল মালদিনি খেলেন অ্যাটাকিং মিডফিল্ডার পজিশনে।

১৯৬০ থেকে ১৯৬৩ পর্যন্ত ইতালির হয়ে ১৪ ম্যাচ খেলেন দানিয়েলের দাদা সিজার মালদিনি। ক্লাব ক্যারিয়ারের বেশিরভাগ সময় তিনি কাটান মিলানে।

ইতালির প্রথম ক্লাব হিসেবে ১৯৬৩ সালে ইউরোপিয়ান কাপ জয়ী মিলানের অধিনায়ক ছিলেন তিনি। আর ক্লাব ক্যারিয়ারের পুরোটাই মিলানে কাটান দেন ইতিহাস সেরা ডিফেন্ডারদের একজন পাওলো মালদিনি। দানিয়েলের বাবা পাওলো মালদিনি।

ইতালির হয়ে পাওলো খেলেন ১২৬ ম্যাচ। ২০০২ বিশ্বকাপের পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলেন তিনি।

আগামী ১০ অক্টোবর রোমে বেলজিয়ামের মুখোমুখি হবে ইতালি। চার দিন পর উদিনে ইসরায়েলের বিপক্ষে খেলবে তারা।