সন্ত্রাসীদের সঙ্গে সংঘর্ষে পাকিস্তানে ৬ সেনা নিহত

পাকিস্তানের খাইবার পাখতুনখওয়া প্রদেশের উত্তর ওয়াজিরিস্তান জেলায় সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলিতে ছয় সেনাসদস্য নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন লেফটেন্যান্ট কর্নেল রয়েছেন বলে দেশটির সামরিক বাহিনী শনিবার এক বিবৃতিতে জানিয়েছে। শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত এ গুলি বিনিময়ের ঘটনা ঘটে। খবর পাকিস্তানি সংবাদমাধ্যম ডনের।

বিবৃতিতে বলা হয়েছে, আফগানিস্তানের সীমান্তবর্তী জেলাটিতে শুক্রবার গভীর রাতে লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ আলি শৌকতের নেতৃত্বাধীন একটি সেনাদলের সঙ্গে জঙ্গিদের সংঘর্ষ হয়। দুই পক্ষের মধ্যে গোলাগুলিতে শৌকতসহ আরও পাঁচ সেনা নিহত হন। গোলাগুলির এ ঘটনায় ছয় সন্ত্রাসীও নিহত হয়েছেন বলে বিবৃতিতে দাবি করা হয়েছে।

নিহত অপর পাঁচজন হলেন- ল্যান্স নায়েক মুহাম্মদ উল্লাহ, ল্যান্স নায়েক আখতার জামান, ল্যান্স নায়েক শহীদ উল্লাহ, ল্যান্স নায়েক ইউসুফ আলী এবং সিপাহী জামিল আহমেদ।

সামরিক বাহিনীটি জানিয়েছে, খাইবার পাখতুনখওয়ার সোয়াত উপত্যকায় নিরাপত্তা বাহিনীর পৃথক আরেকটি অভিযানে দুই জঙ্গি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে খাওয়ারিজের প্রধান নেতা আতাউল্লাহ রয়েছেন যিনি মেহরান নামেও পরিচিত। চলতি মাসের শুরুতে এই এলাকায় বিদেশি এক রাষ্ট্রদূতের গাড়িবহরে হামলার সঙ্গে জড়িত ছিলেন মেহরান।

খাইবার পাখতুনখওয়ায় পাকিস্তানের বেশ কয়েকটি সশস্ত্র গোষ্ঠী আস্তানা আছে। তাদের মধ্যে পাকিস্তান তালেবান উল্লেখযোগ্য। উপজাতি অধ্যুষিত এই অঞ্চলটিতে দীর্ঘদিন ধরে অস্থিরতা বিরাজ করছে।