শহীদ আবু সাঈদের নামে স্কলারশিপের নামকরণ করল সিজেডএম

২০২৪ সালের কোটা সংস্কার আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদের স্মরণে তার নামে জিনিয়াস স্কলারশিপের নামকরণ করেছে সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট (সিজেডএম)। সম্প্রতি সিজেডএম রংপুর অঞ্চলের জিনিয়াস স্কলারশিপ প্রোগ্রামের নাম পরিবর্তন করে 'জিনিয়াস আবু সাঈদ স্কলারশিপ প্রোগ্রাম' রাখার সিদ্ধান্ত নেয় প্রতিষ্ঠানটি।

আজ শনিবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে জিনিয়াস শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে বিষয়টি জানান সিজেডএম'র এক্সিকিউটিভ কমিটির আহ্বায়ক এ এম এম নাসির উদ্দিন।

সিজেডএম জানায়, ২০১৫ সাল থেকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ১৩৪০ জন শিক্ষার্থীকে জিনিয়াস বৃত্তি প্রদান করা হয়েছে এবং বর্তমানে প্রতি মাসে ৫০৮ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হচ্ছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ মিয়া ২০২০ ব্যাচের একজন জিনিয়াস স্কলারশিপ প্রাপক ছিলেন। বিশ্ববিদ্যালয়ের অধ্যয়নকালে আবু সাঈদ ২ বছর ৬ মাসের জন্য মাসিক ৪ হাজার টাকার মাসিক বৃত্তি পেয়েছিলেন।

অনুষ্ঠানে সিজেডএমের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মোহাম্মদ আইয়ুব মিয়া বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্ররা যে সাহস দেখিয়েছেন তা পৃথিবীর বুকে অমর হয়ে থাকবে। একের পর এক বুলেট ধারণ করা ইতিহাসে এক অন্যন্য ঘটনা। তারা নিঃসন্দেহে শহীদ। তারা জালেমের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে বুক চিতিয়ে লড়াই করে আমাদের ঋণি করে গেছে। আমরা তাদের কাছে ঋণগ্রস্ত থাকব। বৈষম্যহীন বাংলাদেশ গড়ার জন্য তারা জীবন বিলিয়ে দিয়েছে। এখনো অনেকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। তাদের কাছে জাতির কৃতজ্ঞ থাকা উচিত, তাদের স্মরণ করা উচিত। সিজেডএম সবসময় শহীদ এবং আহতদের পাশে থাকবে।

সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট (সিজেডএম) জাকাতের অর্থে অসচ্ছল শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে সহায়তার লক্ষ্যে ২০১০ সাল থেকে জিনিয়াস বৃত্তি কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। সারা বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের এখন পর্যন্ত ১৫৬২৮ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করেছে এবং তাদের উচ্চ শিক্ষায় অবদান রেখেছে।