দুর্গাপূজা নিয়ে কোনও ষড়যন্ত্র সফল হবে না: প্রিন্স

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, হিন্দু সম্প্রদায়ের দুর্গাপূজাকে কেন্দ্র করে পতিত স্বৈরাচার এবং দেশি-বিদেশি স্বার্থান্বেষী মহল ষড়যন্ত্র করছে। তাদের ষড়যন্ত্র বানচাল করতে বিএনপিসহ সকল রাজনৈতিক দল এবং শ্রেণি-পেশার জনগণসহ হিন্দু সম্প্রদায়ের লোকজনকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে আজ শনিবার সকালে বরিশাল প্রেস ক্লাবে উত্তর জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সঙ্গে জেলা, উপজেলা পূজা উদযাপন কমিটির মতবিনিময়সভায় তিনি একথা বলেন।

বরিশাল উত্তর জেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা দেওয়ান মো. শহীদুল্লাহর সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, সাবেক এমপি মেজবাহ উদ্দিন ফরহাদ, মিজানুর রহমান খান মুকুল, আবিদুর রহমান হুমায়ুন, গিয়াস উদ্দিন দীপেন, আবদুল গাফ্ফার তালুকদার, জাকির হোসেন, দেওয়ান মনির হোসেন, মনজুর হোসেন মিলন এবং পূজা উদযাপন কমিটির পক্ষে সমীর কৃঞ্চ বনিক, মানিক লাল আচার্য্য, শ্যামল ঘটক, লিটন চ্যাটার্জি, দুলাল চন্দ্র রায়, কার্তৃক ব্যাপারী, দিপঙ্কর দে, সুভাস চন্দ্র দাস প্রমুখ।

অনুষ্ঠানে তিনি বলেন, আওয়ামী মহল ও তাদের বিদেশি প্রভুরা ছাত্র গণবিপ্লবকে মেনে নিতে না পেরে নানা ষড়যন্ত্র করছে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় ইতোমধ্যে বিভিন্ন ষড়যন্ত্র ব্যর্থ করে দেওয়া হয়েছে। হিন্দু সম্প্রদায়ের দুর্গাপূজাকে কেন্দ্র করে কোনো ষড়যন্ত্র হলে তাও ব্যর্থ করে দেওয়া হবে।

তিনি সকলকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, কাউকে ছাত্র-জনতার রক্তের বিনিময়ে আর্জিত বিজয় নস্যাৎ করতে দেওয়া হবে না। ষড়যন্ত্র যত শক্তিশালী হোক না কেন, ছাত্র জনতার শক্তির কাছে সব ষড়যন্ত্র ব্যর্থ হতে বাধ্য। তিনি হিন্দু সম্প্রদায়ের জনগণের প্রতি ভয়হীন উৎসবমুখর পরিবেশে আনন্দ উৎসবের মধ্য দিয়ে দুর্গাপূজা উদযাপন করার আহ্বান জানান।

পরে তিনি হিজলা উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সাথে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন।