'পাকিস্তান ক্রিকেটে অধিনায়কত্ব নিয়ে মিউজিক্যাল চেয়ার চলছে'

পাকিস্তান দলে অধিনায়ক সমস্যার সমাধান হয়নি। দলটির নেতৃত্ব নিয়ে হচ্ছে নাটক। বাবর আজম ২০২৩ বিশ্বকাপের পর তিন ফরম্যাটের অধিনায়কত্ব ছাড়েন। আবার ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে, বাবরকে সীমিত ওভারের অধিনায়ক করা হয়। সম্প্রতি বাবর আজম নিজেই আবার অধিনায়কত্ব থেকে পদত্যাগ করেছেন।

ভারতীয় অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন এক সাক্ষাৎকারে কথা বলেছেন পাকিস্তানের অধিনায়ক বিষয়ে। অশ্বিন বলেন, ‘পাকিস্তান ক্রিকেট যে পর্যায়ে আছে এবং যে পর্যায়ে যাচ্ছে তা দেখে খারাপ লাগছে। পাকিস্তান দলে দুর্দান্ত ক্রিকেটার আছে। ভারত-পাকিস্তানের মধ্যে যখন ক্রিকেট খেলি, তাতে সর্বদাই কিছু না কিছু আগুন লেগেই থাকে, কারণ আমাদের রাজনৈতিক পরিস্থিতি এমনই।'

এরপর অশ্বিন অধিনায়কের বিষয়টি তুলে আনেন তার কথায়। 'পাকিস্তান ক্রিকেটের সঙ্গে অনেক ইতিহাস জড়িয়ে আছে। ক্রিকেটার হিসেবে যদি দেখি, এটা গর্বিত ক্রিকেটের দেশ এবং তাদের অনেক দক্ষ খেলোয়াড় আছে। তবে মাঝে মধ্যে তাদের অবস্থা দেখলে মনে হয় তাদের মধ্যে নেতৃত্ব নিয়ে মিউজিক্যাল চেয়ার চলছে।'

অশ্বিন এরপর মিউজিক্যাল চেয়ার এর ব্যাখ্যাও দিয়ে দেন। বলেন, 'গান চলবে, আমরা দৌঁড়াতে থাকব আর চেয়ার ধরে রাখার কথা ভাবব। ২০২৩ বিশ্বকাপে তারা হেরেছিল, বাবর পদত্যাগ করেছিলেন, তারপরে শাহিন আফ্রিদিকে অধিনায়ক করা হয়েছিল। তারপর আবার বাবরকে সীমিত ওভারে অধিনায়ক করেছিল এবং শান মাসুদের হাতে টেস্ট অধিনায়কত্ব। আর এখন অবস্থা দেখুন, পাকিস্তান দীর্ঘদিন ধরে একটি টেস্ট ম্যাচও জিততে পারেনি।'