রাজধানীতে পুঁতে রাখা এক নারীর লাশ উদ্ধার, আটক ২

রাজধানীর ডেমরায় মাটিতে পুঁতে রাখা এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৫ অক্টোবর) বেলা সাড়ে ৩টার দিকে ডেমরার রাজাখালীতে একটি বাড়ির পাশ থেকে লাশ উদ্ধার করা হয়।

নিহত ওই নারীর নাম মরিয়ম বেগম। তিনি ডেমরার রাজাখালি এলাকার বাসিন্দা।

ডেমরা থানার এসআই শীতল কুমার বলেন, খবর পেয়ে ওই এলাকায় একটি বাড়ির পাশ থেকে মাটি খুঁড়ে নিহতের লাশ উদ্ধার করা হয়। এর আগে বাবু ও মিম নামে এক দম্পতিকে গণধোলাই দেয় এলাকাবাসী। পরে তাদেরকে হেফাজতে নিয়ে ঢাকা মেডিকেলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এসআই আরও জানান, মরিয়ম বেগমের অনেক আগে বিয়ে হয়েছিল। তবে স্বামীর সঙ্গে বিচ্ছেদ হয়ে যায়। কয়েক মাস আগে বাবুকে দুই লাখ টাকা ধার দেন তিনি। গত বৃহস্পতিবার সেই ধারের টাকা ফেরত আনতে বাবুর বাসায় যান মরিয়ম। তখন বাবু ও তার স্ত্রী মিমের সঙ্গে মরিয়মের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে মরিয়মকে মারধর করা হয়। তখন জ্ঞান হারিয়ে ফেলেন মরিয়ম। পরে মারা গেছে ভেবে মরিয়মকে নিজেদের বাড়ির পাশে মাটি খুড়ে পুঁতে রাখে।

এসআই আরও বলেন, গত কয়েক দিনের বৃষ্টিতে মাটি ধুয়ে সরে গেলে লাশের একটি হাত বেরিয়ে যায়। সেটি চোখে পড়ে এলাকার লোকজনের। পরে তারা বাবু ও মিম দম্পতিকে গণধোলাই দেন। বাবু ও মিমকে আটক করা হয়েছে, মামলা প্রক্রিয়াধীন। লাশ ময়নতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।