পাকিস্তানের ক্রিকেটে গত এক-দেড় বছর ধরেই যেন বিয়ের ধুম লেগেছে। ইমাম উল-হক, শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফসহ বেশ কয়েকজন ক্রিকেটার বিয়ে পিঁড়িতে বসেছেন। বাংলাদেশের কাছে টেস্টে হোয়াইটওয়াশড হওয়ার পর সাবেক অধিনায়ক বাবর আজমকেও বিয়ের পরামর্শ দিয়েছিলেন বাসিত আলী। সব মিলিয়ে পাকিস্তানের ক্রিকেটে যেন বিয়ের ধুম।
অনেকদিন ধরেই পাকিস্তানের ক্রিকেট বাজে অবস্থায় আছে। পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার ইনজামাম–উল–হকের ভাতিজা ইমাম উল হকের দাবি, সেখানে ইদানিং ক্রিকেটের চেয়ে বিয়েই নাকি বেশি হয়। সম্প্রতি স্ত্রীকে নিয়ে এক টিভি অনুষ্ঠানে গিয়েছিলেন পাকিস্তান ওপেনার ইমাম। সেখানে তাকে অনেকগুলো বিষয়েই প্রশ্ন করা হয়।
বিবাহ–পরবর্তী জীবন বদলে গেছে কিনা- এমন প্রশ্নে ইমামের জবাব ছিল, ‘গত এক–দেড় বছরে আমাদের এখানে খেলা হয়েছে কম, বরং বিয়ে হয়েছে বেশি। আমার জীবনে খুব বেশি বদল আসেনি। আমি যেটা আগেই বলেছিলাম, দুই বছরের বন্ধুত্ব ছিল আমাদের। এটা আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ ছিল। আমি যেমন মানুষ, আমার যে পার্টনার, সে যেন আমার লাইফস্টাইলকে বুঝতে পারে। ফলে আমার জন্য কঠিন হয়নি। সে আমাকে খুব ভালোভাবেই চেনে।’
ইমাম বর্তমানে দলের বাইরে আছেন। চলতি বছর কোনো আন্তর্জাতিক ম্যাচই খেলতে পারেননি। জাতীয় দলে তার সঙ্গে অন্যায় করা হয়েছে কিনা- এমন প্রশ্নে ইমাম বলেন, ‘হ্যাঁ’। অনুষ্ঠানের উপস্থাপক এরপর জিজ্ঞাসা করেন, ‘বাবর আজমকে কি ওপেনিং পজিশন ছেড়ে দিয়ে বিয়ে করা উচিত?’ এর উত্তরে ইমাম হাসতে হাসতে বলেন, ‘না’।