শাহরুখকে ছাড়িয়ে শীর্ষ ধনী অভিনেতা টেইলর পেরি 

শীর্ষ ধনী অভিনেতার প্রসঙ্গ এলেই মাথায় উঁকি দেয় একরাশ জনপ্রিয় নাম। কারো তালিকায় থাকে জনি ডেপ, টম ক্রুজ ও ডোয়াইন জনসন আবার কারো তালিকায় শাহরুখ খান, কেভিন হার্ট ও জর্জ ক্লুনি। নিঃসন্দেহে তারা ক্যারিয়ারে সফল হওয়ার পাশাপাশি বিপুল সম্পদের মালিকও। কিন্তু রুপালি পর্দায় অভিনেতাদের তালিকায় তাদের অবস্থান ঠিক শীর্ষে নয়। এবার শীর্ষস্থান দখল করেছেন টেইলর পেরি।

ব্লুমবার্গ ও ফোর্বসের প্রতিবেদন অনুসারে, মার্কিন নির্মাতা ও অভিনেতা টেইলর পেরির সম্পদের পরিমাণ ১৪০ কোটি ডলার। এরপর তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছেন জেরি সিনফিল্ড। তার সম্পদের পরিমাণ ১০০ কোটি ডলার। প্রথম দুটি নামই অনেকটা চমকের মতো। দুটি নাম সে অর্থে বাকি জনপ্রিয় অভিনেতাদের তুলনায় বেশি চর্চিত নয়।

অথচ সম্পদশালী অভিনেতার তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছেন ডোয়াইন জনসন, তার সম্পদের পরিমাণ ৮৯ কোটি ডলার। ৮৭ কোটি ডলার নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছেন শাহরুখ খান। টম ক্রুজের সম্পদের পরিমাণ ৮০ কোটি, তালিকায় তার অবস্থান পঞ্চম। 

মাডিয়া কমেডি ফ্র্যাঞ্চাইজিতে মাভেল চরিত্রের কারণে টেইলর পেরি সবচেয়ে বেশি পরিচিত। সিরিজটিতে ১২টি চলচ্চিত্র, ১১টি নাটক ও কিছু টিভি প্রোগ্রাম আছে। এর বাইরে তার কাজের পরিমাণ খুব কম। অবশ্য তালিকাটি হয়েছে কেবল পুরুষ অভিনেতাদের সম্পদের আকারের ওপর ভিত্তি করে। যদি নারীদের অন্তর্ভুক্ত করা হতো, তাহলে বিপুল পরিবর্তন আসত অনুক্রমে। তালিকায় সবার ওপরে থাকত জেমি গার্টজের নাম, তার সম্পদের পরিমাণ ৮০০ কোটি ডলার। শীর্ষ পাঁচে জায়গা করে নিতেন টেইলর সুইফট ও সেলেনা গোমেজও, তারা দুজনই বিলিয়নিয়ার।