রাজধানীর গাউসুল আজম সুপার মার্কেটে বিএনপির সাবেক নেতার ৮টি দোকান দখলের অভিযোগ উঠেছে সাবেক ছাত্রদল নেতার বিরুদ্ধে। এ বিষয়ে নিউমার্কেট থানায় একাধিকবার অভিযোগও করেছেন বিএনপির নিউমার্কেট থানার সাবেক কৃষিবিষয়ক সম্পাদক ও ব্যবসায়ী জালাল আহম্মেদ জসিম।
জানা যায়, ১৭ বছর ধরে গাউসুল আজম মার্কেট সমিতির সভাপতির পদ ধরে রেখেছেন আ. লীগের মোতালেব মিয়া। গত ৫ আগস্ট সরকার পতনের পর আধিপত্য ধরে রাখতে ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক জয়েন্ট সেক্রেটারি কামাল হোসেনকে মার্কেটের সেক্রেটারি করার চেষ্টা করেন তিনি।
তখন জালাল আহম্মেদ জসিমের নেতৃত্বে ব্যবসায়ীরা সভাপতি মোতালেব মিয়ার অপসারণের দাবিতে মানববন্ধন করেন। আর এতেই জালাল আহম্মেদ জসিমের ওপর অত্যাচার শুরু করেন মোতালেব এবং কামাল মিয়া।
এ বিষয়ে গত ৩ অক্টোবর দোকান বন্ধ ও বিদ্যুৎ বিচ্ছিন্ন করে চাঁদাবাজি এবং দোকান দখল করার অভিযোগে ডিএমপির নিউমার্কেট থানায় ভুক্তভোগী ব্যবসায়ী জসিম মিয়া অভিযোগ করেন।
থানায় অভিযোগের বিষয়ে ভুক্তভোগী ব্যবসায়ী জসিম দেশ রূপান্তরকে বলেন, ১৭ বছর ধরে মার্কেটে দুর্নীতি-অনিয়ম করে ব্যবসায়ীদের জিম্মি করে রেখেছেন সভাপতি মোতালেব মিয়া। কয়েকদিন আগে তার বিরুদ্ধে ব্যবসায়ীরা মানববন্ধন করেছিল। আর এতে তিনি আমার ওপর ক্ষিপ্ত হয়ে কথিত সাধারণ সম্পাদককে নিয়ে আমার দোকান দখলের চেষ্টা করেছেন। না পেরে আমার দোকানের বিদ্যুৎ লাইন বন্ধ করে দিয়েছেন। আমাকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছেন। আমি থানা এবং সমবায় অধিদপ্তরে অভিযোগও করেছি। থানা এবং সমবায় অধিদপ্তরের প্রতি অনুরোধ আমার দোকান যেন খুলে দেওয়ার ব্যবস্থা করে এবং মার্কেটে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে কমিটি গঠন করে দেয়।
কিভাবে মার্কেটের সাধারণ সম্পাদক হয়েছেন এবং দোকান দখলের অভিযোগের বিষয়ে জানতে কামাল হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, আমাকে সাধারণ সম্পাদক হিসেবে সমবায় অধিদপ্তর থেকেই অনুমতি দিয়েছে। আর দোকান দখল বা চাঁদাবাজির অভিযোগ মিথ্যা। আমি যতদূর জানি জালাল সাহেবের দোকানের বিদ্যুৎ বিল বকেয়া থাকার কারণে বিদ্যুৎবিচ্ছিন্ন করে দিয়েছে।
এসব অভিযোগের বিষয়ে মার্কেট সভাপতি মোতালেব জানান, আগের সেক্রেটারি অসুস্থ থাকায় তিনি সমিতি থেকে পদত্যাগ করেছেন। তারপর সমবায় অধিদপ্তরের মাধ্যমে নতুন একজনকে সাধারণ সম্পাদক করা হয়েছে। তবে দোকান দখলের বিষয়ে আমার জানা নেই। যতদূর জানি বিদ্যুৎ বিল বকেয়া আছে।
থানায় অভিযোগের বিষয়ে নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিন উদ্দিন বলেন, গাউসুল আজম সুপার মার্কেটে কয়েকটি দোকন বন্ধ ও বিদ্যুৎ বিল বিচ্ছিন্ন রেখে চাঁদাবাজি এবং দোকান দখল করার অভিযোগ করা হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে। সতত্যা পেলে ব্যবস্থা নেওয়া হবে।