কোনো নিরাপত্তাঝুঁকি নেই, নির্বিঘ্নে পূজা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, এবারের শারদীয় দুর্গাপূজায় কোনো নিরাপত্তাঝুঁকি নেই। এবারের পূজা হবে নির্বিঘ্নে। আজ রবিবার বিকেলে রমনা কালীমন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দুর্গাপূজা যেন নির্বিঘ্নে হয় সেজন্য আমরা বিভিন্ন পদক্ষেপ নিয়েছি। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ৮ দফা নির্দেশনা প্রতিটি পূজামণ্ডপে পাঠিয়েছি। এ ছাড়া বিভাগীয় কমিশনার, ডিআইজি, এসপি, ডিসি, ইউএনও, ওসিসহ আমাদের প্রশাসনে যারা রয়েছেন সবাইকে নির্দেশনা পাঠিয়েছি। তাছাড়া দুর্গাপূজায় আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ, র‌্যাব ও আনসারের পর্যাপ্ত সদস্যের পাশাপাশি সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনী মোতায়েন করা হয়েছে। এবার কোথাও কোনো ঘটনা ঘটলে যাতে তাৎক্ষণিক খবর পাওয়া যায় ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) মাধ্যমে সে ব্যবস্থাও করা হয়েছে।

উপদেষ্টা বলেন, এবার সকল পূজামণ্ডপে পূজা উদযাপন কমিটির মাধ্যমে স্বেচ্ছাসেবক নিয়োগ দেওয়া হয়েছে। অনেক সময় দেখা যায়, স্বেচ্ছাসেবকরা রাত ৩টার পর পূজামণ্ডপ থেকে উধাও হয়ে যান।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, এবার কোনো স্বেচ্ছাসেবক কোনো পূজামণ্ডপ ছেড়ে যাবেন না, তারা ২৪ ঘণ্টাই দায়িত্বরত থাকবেন। স্বেচ্ছাসেবকরা আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করবে এবং তাদের মাধ্যমেই বিভিন্ন তথ্য আদান-প্রদান করতে সুবিধা হবে।

পার্শ্ববর্তী দেশের টিভি চ্যানেলগুলোতে পূজা উদযাপনে বাধা, হুমকি ইত্যাদি মিথ্যা, উসকানি ও বিভ্রান্তিমূলক সংবাদ প্রচার করছে- এ বিষয়ে উপদেষ্টা বলেন, পার্শ্ববর্তী দেশ অনেক কিছুই বলছে, সেটা আপনারা জানেন। আমি আপনাদের অনুরোধ করব, আপনারা সত্য ঘটনা মিডিয়ার মাধ্যমে ফুটিয়ে তুলবেন। আমরা সত্যি ঘটনা সবাইকে জানাতে চাই।

হিন্দুদের নিয়ে বছরের পর বছর যে নীলনকশা ও ষড়যন্ত্র হচ্ছে সেগুলো বন্ধ হবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, এ বিষয়ে আপনারাই আমাদের সাহায্য করতে পারেন। আপনারা বিষয়টি জনগণের নিকট ফুটিয়ে তুলতে পারেন। আমি আপনাদের অনুরোধ করব, আপনারা সবসময় সত্যিটা প্রকাশ করুন। যদি কোথাও আমাদের ঘাটতি থাকে, সেটা আমরা ঠিক বা পূরণ করে নেব। কোথাও যদি আমাদের ভুল থাকে আমরা সেটা সংশোধন করে নেব। আমরা যদি ভালো কাজ করি, সেটাও আপনারা ফলাও করে প্রকাশ বা প্রচার করবেন।

বিগত ১৫ বছরে রামু ও ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরসহ সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর যেসব হামলা ও সহিংস ঘটনার বিচার হয়নি সেসব ঘটনার পুনতদন্ত ও বিচারের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, এসব অপকর্মের সঙ্গে যারা জড়িত তাদের অবশ্যই বিচারের সম্মুখীন হতে হবে। বর্তমান সরকার ন্যায়বিচার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে।