নাগরিক কমিটির ‘ঢাকা রাইজিং’ কর্মসূচি শুরু

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ পরিবারের সদস্য ও আহত ব্যক্তিদের সঙ্গে মতবিনিময়সভার মাধ্যমে 'ঢাকা রাইজিং’ কর্মসূচি শুরু শুরু করেছে জাতীয় নাগরিক কমিটি।

আজ রবিবার বিকেলে আন্দোলনের বাতিঘর যাত্রাবাড়ীর নূর কমিউনিটি সেন্টারে এই কর্মসূচি শুরু হয়। এতে শহীদ পরিবারের সদস্য ও আহত ব্যক্তিরা অংশ নেন।

নাগরিক কমিটির সদস্যসচিব আখতার হোসেন জানান, যাত্রাবাড়ীতে মতবিনিময়সভার মাধ্যমে আমাদের কর্মসূচি শুরু হয়েছে। সভায় ৪০ জন শহীদ পরিবারের সদস্য এবং ৮০ জন আহত ব্যক্তি অংশ নেন। তারা অতিদ্রুত পুনর্বাসন, আহতদের যথাযথ চিকিৎসা এবং দ্রুত সময়ের মধ্যে জড়িতদের বিচার দাবি করেছেন। একইসঙ্গে শহীদদের স্বপ্নের বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েছেন। আমরা তাদের আশ্বস্ত করেছি এবং এসব দাবি আমরা সরকারের কাছেও জানিয়েছি।

আখতার হোসেন বলেন, এখন পর্যন্ত গণহত্যার বিচার শুরু হয়নি। সরকারের কাছে আহ্বান, যারা গণহত্যা করেছে, গুলি করেছে, যারা হুকুম দিয়েছে, আদালতে বিচারপ্রক্রিয়ার মাধ্যমে প্রত্যেকের যেন শাস্তি নিশ্চিত করা হয়৷ সরকারের মূল দায়িত্ব শহীদ পরিবার এবং আহতদের পুনর্বাসন করা সেটা এখনো পর্যন্ত যথাযথভাবে হয়নি। দ্রুত সময়ের মধ্যে তা সম্পন্ন করার দাবি জানাচ্ছি আমরা। এ ছাড়া সোমবার বুয়েটের ছাত্র আবরার ফাহাদ হত্যার ছয় বছর পূর্তি উপলক্ষে বিকেল সাড়ে তিনটায় রাজধানীর পলাশী মোড়ে আবরার ফাহাদের স্মৃতির উদ্দেশে স্মরণসভা অনুষ্ঠিত হবে বলে জানান আখতার হোসেন৷

কমিটির আহ্বায়ক হন নাসির উদ্দিন পাটওয়ারী বলেন, যে দাবিতে আমাদের ভাই বোনেরা শহীদ হয়েছেন, আহত হয়েছেন সেটি হলো এই ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ করা। সেটি আমাদের ভুলে গেলে চলবে না। সে ব্যবস্থা বিলোপ না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চালিয়ে যেতে হবে। যারা শহীদ হয়েছে তাদের স্বপ্নের গণতান্ত্রিক পরিবেশ আমরা এখনো উপহার দিতে পারিনি। সে স্বপ্ন বাস্তবায়ন করার জন্যই আমরা ঐক্যবদ্ধ হয়েছি।

অভ্যুত্থান সংগঠনকারী জনতা ৮ সেপ্টেম্বর ‘জাতীয় নাগরিক কমিটি’ নামে একটি প্লাটফর্মের আত্মপ্রকাশ ঘটায়। ‘ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন বাংলাদেশের রাজনৈতিক বন্দোবস্ত সফল করার লক্ষ্যে’ ওই কমিটি গঠিত হয়। কমিটির আহ্বায়ক হন নাসির উদ্দিন পাটওয়ারী। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লিয়াজোঁ কমিটির সদস্য। সংগঠনের সদস্য সচিব হিসেবে ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আখতার হোসেন ও মুখপাত্র হিসেবে রয়েছেন সামান্তা শারমিন।