বিদ্যুৎ বিভাগ এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে নতুন সচিব নিয়োগের পাশাপাশি স্থানীয় সরকার বিভাগের সচিব আবু হেনা মোরশেদ জামানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। এ ছাড়া বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন ওএসডি থাকা অতিরিক্ত সচিব সুরাইয়া আখতার জাহান।
গতকাল রবিবার এ-সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফারজানা মমতাজকে পদোন্নতি দিয়ে বিদ্যুৎ বিভাগের সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বর্তমানে বিদ্যুৎ বিভাগের জ্যেষ্ঠ সচিব হিসেবে কর্মরত রয়েছেন মো. হাবিবুর রহমান। আগামী ৯ অক্টোবর অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাচ্ছেন তিনি। ইতিমধ্যে তার অবসরোত্তর ছুটির প্রজ্ঞাপন জারি হয়েছে।
অন্যদিকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব হয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী। তাকেও সচিব পদে পদোন্নতি দিয়ে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে।
এদিকে শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এস এম আলমকে ওএসডি করে পৃথক প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রনালয়। ওই একই প্রজ্ঞাপনে ওএসডি থাকা অতিরিক্ত সচিব মো. সাইদুর রহমান খানকে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত থাকা অতিরিক্ত সচিব মো. আল আমিন সরকারকে বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগে (আইএমইডি) একই পদে নিয়োগ দেওয়া হয়েছে।
ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর জনপ্রশাসনে নানা ধরনের পরিবর্তন হচ্ছে। দায়িত্ব নেওয়ার পরপরই জনপ্রশাসনে বড় পরিবর্তনে হাত দেয় অন্তর্বর্তী সরকার। ১৪ আগস্ট এক দিনেই জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যানসহ ১১ জন সচিবের চুক্তি বাতিল করা হয়েছিল। কোনো কোনো কর্মকর্তাকে চাকরি থেকে অবসরে পাঠানো হয়। আবার অনেক কর্মকর্তাকে ওএসডি করা হয়।