লাকীসহ ২৪ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা

চাকরির লিখিত পরীক্ষায় ফেল করা প্রার্থীদের নম্বর বাড়িয়ে ১০ পদে ২৩ জনকে নিয়োগ দেওয়া হয় বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে। এতে সরকারের ৮ কোটি ২৮ লাখ টাকার বেশি ক্ষতি হয়। দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রাথমিকভাবে অনুসন্ধানে এসব অনিয়ম-দুর্নীতি তথ্য-প্রমাণ পেয়ে শিল্পকলার সাবেক মহাপরিচালক মোহাম্মদ লিয়াকত আলী (লাকী) ও পরিচালক জাহাঙ্গীর হোসেন চৌধুরীসহ ২৪ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। সংস্থাটির উপপরিচালক সুমিত্রা সেন বাদী হয়ে গতকাল রবিবার ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি করেন। দুদকের উপপরিচালক ও জনংসযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহারে বলা হয়, ২০১৫ সালের জুলাই মাসে শিল্পকলা একাডেমিতে বিভিন্ন পদে লোক নিয়োগের জন্য গণমাধ্যমে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। চাকরিপ্রার্র্থীদের আবেদন যাচাই-বাছাই শেষে লিখিত পরীক্ষা গ্রহণের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদকে দায়িত্ব দেওয়া হয়। ২০১৬ সালের ১১ মার্চ লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং ২০১৭ সালের ১৮ জানুয়ারি পরীক্ষার ফল প্রকাশ করা হয়।